Wednesday, June 17, 2026

মৃত্যুর গুজব উড়িয়ে দিলেন তানিয়া বৃষ্টি, বললেন ‘আমি ভালো আছি’


ফাইল ছবিঃ তানিয়া বৃষ্টি (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক। ঢাকা 

সামাজিক যোগাযোগমাধ্যমে অভিনেত্রী তানিয়া বৃষ্টিকে নিয়ে ছড়িয়ে পড়া অসুস্থতা ও মৃত্যুর গুজব ভক্তদের মধ্যে উদ্বেগ তৈরি করলেও শেষ পর্যন্ত নিজেই বিষয়টি পরিষ্কার করেছেন এই জনপ্রিয় অভিনেত্রী। তিনি জানিয়েছেন, তিনি জীবিত আছেন এবং চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী বাসায় থেকে বিশ্রাম নিচ্ছেন।

সম্প্রতি এক গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তানিয়া বৃষ্টি বলেন, আল্লাহর রহমতে তিনি বর্তমানে স্থিতিশীল আছেন এবং নিয়মিত চিকিৎসকের তত্ত্বাবধানে রয়েছেন। স্বাস্থ্যগত কারণে তিনি এখন বেশিরভাগ সময় বাসাতেই অবস্থান করছেন।

অভিনেত্রী জানান, তার চিকিৎসা প্রক্রিয়া এখনও চলমান। ইতোমধ্যে দুটি অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে এবং চিকিৎসকদের পরিকল্পনা অনুযায়ী ভবিষ্যতে আরও একটি অস্ত্রোপচার করতে হবে। তবে সেটি এখনই নয়, কিছু সময় পর করা হবে।

তিনি আরও বলেন, চলতি মাসের শেষভাগে কয়েকটি গুরুত্বপূর্ণ স্বাস্থ্য পরীক্ষা রয়েছে। সেই পরীক্ষাগুলোর ফলাফল ও চিকিৎসকদের পরামর্শের ভিত্তিতেই পরবর্তী চিকিৎসা পরিকল্পনা নির্ধারণ করা হবে।

জানা যায়, চলতি বছরের ফেব্রুয়ারিতে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তানিয়া বৃষ্টি। পরে তার মস্তিষ্কে টিউমার শনাক্ত হয়। চিকিৎসকরা অস্ত্রোপচারের মাধ্যমে টিউমার অপসারণ করেন। এরপর দীর্ঘ সময় দেশে চিকিৎসা নেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য তিনি ভারতের চেন্নাইয়ে যান।

চিকিৎসা শেষে দেশে ফিরে বর্তমানে পুনর্বাসন ও সুস্থতার পথে রয়েছেন অভিনেত্রী। তিনি জানান, নতুন করে কোনো জটিলতা এড়াতে চিকিৎসকদের নির্দেশনা মেনে চলছেন এবং অপ্রয়োজনীয় বাইরে যাওয়া এড়িয়ে চলছেন।

সবকিছু ঠিকঠাক থাকলে দ্রুতই সুস্থ হয়ে আবারও অভিনয়ে ফিরতে চান তানিয়া বৃষ্টি। ভক্তদের ভালোবাসা ও দোয়ার জন্য কৃতজ্ঞতা জানিয়ে তিনি তার দ্রুত সুস্থতার জন্য সবার কাছে দোয়া কামনা করেছেন।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন