Tuesday, June 9, 2026

রক্ষক ভক্ষকে পরিণত হলে বাজেটের সুফল জনগণের কাছে পৌঁছায় না: চরমোনাই পীর


ফাইল ছবিঃ চরমোনাই পীর ও ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক। ঢাকা 

রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় দুর্নীতি ও জবাবদিহিতার অভাব থাকলে জাতীয় বাজেটের প্রকৃত সুফল সাধারণ মানুষের কাছে পৌঁছানো সম্ভব নয় বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম।

সোমবার রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটির শফিকুল কবির মিলনায়তনে অনুষ্ঠিত ‘বাংলাদেশের আগামী অর্থবছরের বাজেট: আমাদের ভাবনা ও জনগণের প্রত্যাশা’ শীর্ষক গোলটেবিল বৈঠকে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রেজাউল করীম বলেন, বাজেটের সফলতা নির্ভর করে এর সুষ্ঠু ও ন্যায্য বাস্তবায়নের ওপর। কিন্তু দীর্ঘদিন ধরে বিভিন্ন খাতে দুর্নীতি ও অপচয়ের কারণে জনগণ প্রত্যাশিত সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে। শিক্ষা, স্বাস্থ্যসেবা ও উন্নয়ন কর্মকাণ্ডসহ বিভিন্ন ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত না হলে উন্নয়নের লক্ষ্য অর্জন কঠিন হবে।

তিনি আরও বলেন, দেশের বিপুলসংখ্যক মানুষ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কর প্রদান করলেও সেই অর্থের যথাযথ ব্যবহার নিশ্চিত করা যাচ্ছে না। জনগণের অর্থ অপচয় ও বিদেশে অর্থ পাচারের অভিযোগ তুলে তিনি এসব অনিয়ম বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।

বাজেট বাস্তবায়নে নজরদারি ও দায়বদ্ধতার ঘাটতির সমালোচনা করে ইসলামী আন্দোলনের আমির বলেন, কেবল বাজেট ঘোষণা করলেই হবে না, বরং এর বাস্তবায়ন ও তদারকিতে স্বচ্ছতা নিশ্চিত করতে হবে। জনগণের অর্থে পরিচালিত রাষ্ট্রীয় কর্মকাণ্ডে আমানতদারির সংস্কৃতি গড়ে তোলার ওপরও তিনি গুরুত্বারোপ করেন।

তিনি দেশের চলমান সংকট মোকাবিলায় ইসলামী মূল্যবোধ ও নৈতিকতার ভিত্তিতে রাষ্ট্র পরিচালনার প্রয়োজনীয়তার কথাও উল্লেখ করেন এবং এ লক্ষ্যে জাতীয় ঐক্য গড়ে তোলার আহ্বান জানান।

অনুষ্ঠানে বক্তব্য দেন অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা ড. এএফএম খালিদ হোসেন। তিনি কওমি ও আলিয়া মাদ্রাসার শিক্ষার্থীদের জন্য উপবৃত্তি চালু, শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়ন এবং গবেষণা খাতে বরাদ্দ বৃদ্ধির দাবি জানান। পাশাপাশি প্রশাসনিক জটিলতা দূর করে সুশাসন প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেন।

গোলটেবিল বৈঠকে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, ব্যবসায়ী ও পেশাজীবী ব্যক্তিত্ব অংশ নেন। তারা বাজেট বাস্তবায়নে স্বচ্ছতা, জবাবদিহিতা এবং জনকল্যাণকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানান।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন