Wednesday, August 26, 2026

মৃত্যুর গুজব উড়িয়ে দিলেন শক্তি কাপুর, আইনি পদক্ষেপের হুঁশিয়ারি


ফাইল ছবিঃ শক্তি কাপুর (সংগৃহীত)

স্টাফ রিপোর্ট: PNN 

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া মৃত্যুর গুজবকে সম্পূর্ণ মিথ্যা বলে উড়িয়ে দিয়েছেন বলিউড অভিনেতা শক্তি কাপুর। একই সঙ্গে এ ধরনের গুজব ছড়ানোর ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার কথাও জানিয়েছেন তিনি।

সম্প্রতি বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে দাবি করা হয়, বর্ষীয়ান এই অভিনেতা মারা গেছেন। খবরটি দ্রুত ছড়িয়ে পড়লে ভক্তদের মধ্যে উদ্বেগ তৈরি হয়। পরে নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ভিডিও বার্তা দিয়ে বিষয়টি পরিষ্কার করেন শক্তি কাপুর।

ভিডিও বার্তায় তিনি বলেন, তার মৃত্যুর খবর সম্পূর্ণ ভুয়া এবং তিনি সুস্থ আছেন। ভক্তদের উদ্দেশে তিনি অনুরোধ করেন, এ ধরনের গুজবে কান না দিতে।

অভিনেতা আরও জানান, এমন ভিত্তিহীন তথ্য শুধু একজন শিল্পীর জন্য নয়, তার পরিবার ও কাছের মানুষদের জন্যও মানসিক কষ্টের কারণ হয়ে দাঁড়ায়। তাই বিষয়টিকে তিনি গুরুত্বের সঙ্গে দেখছেন।

শক্তি কাপুর বলেন, সামাজিক যোগাযোগমাধ্যম কখনোই মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর মাধ্যম হতে পারে না। যারা উদ্দেশ্যপ্রণোদিতভাবে এই গুজব ছড়িয়েছে, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার পরিকল্পনা করছেন বলেও জানান তিনি।

ভিডিও প্রকাশের পর ভক্তরা স্বস্তি প্রকাশ করেন। অনেকেই মন্তব্যে অভিনেতার সুস্থতা কামনা করেন এবং সামাজিক মাধ্যমে ভুয়া খবর ছড়ানোর প্রবণতার সমালোচনা করেন।

হিন্দি চলচ্চিত্রের জনপ্রিয় মুখ শক্তি কাপুর দীর্ঘ কয়েক দশক ধরে অভিনয়ের সঙ্গে যুক্ত। বিশেষ করে আশি ও নব্বইয়ের দশকে কৌতুক ও খলচরিত্রে অভিনয় করে তিনি ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন। কাদের খান ও আসরানি–র সঙ্গে তার অভিনয় জুটি দর্শকদের কাছে ছিল অত্যন্ত জনপ্রিয়।

সম্প্রতি মেরে হাসব্যান্ড কী বিবি সিনেমায় অভিনয় করেছেন শক্তি কাপুর। সেখানে তার অভিনয় দর্শকদের প্রশংসা কুড়িয়েছে।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন