- ০৮ মে, ২০২৬
স্টাফ রিপোর্ট: PNN
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে পরাজয়ের পর রাজনীতি থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন চলচ্চিত্র পরিচালক ও সাবেক বিধায়ক রাজ চক্রবর্তী। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে তিনি জানান, ২০২৬ সালের নির্বাচনের মধ্য দিয়েই তার রাজনৈতিক অধ্যায়ের সমাপ্তি ঘটল।
২০২১ সালে রাজনীতিতে যোগ দিয়ে তৃণমূল কংগ্রেস–এর প্রার্থী হিসেবে ব্যারাকপুর কেন্দ্র থেকে নির্বাচিত হয়েছিলেন রাজ চক্রবর্তী। পাঁচ বছর তিনি বিধায়ক হিসেবে দায়িত্ব পালন করেন। এ সময় পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন সামাজিক প্রকল্পের প্রচারণাতেও সক্রিয় ছিলেন তিনি।
সম্প্রতি অনুষ্ঠিত বিধানসভা নির্বাচনে একই কেন্দ্র থেকে আবারও প্রতিদ্বন্দ্বিতা করলেও এবার জয় পাননি রাজ। নির্বাচনের ফল প্রকাশের দুই দিন পর নিজের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে আনুষ্ঠানিক অবস্থান জানান তিনি।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া বক্তব্যে রাজ লিখেছেন, জীবনের প্রতিটি দায়িত্ব তিনি নিষ্ঠা ও সততার সঙ্গে পালন করার চেষ্টা করেছেন। একজন নির্মাতা হিসেবে চলচ্চিত্রের মাধ্যমে মানুষের কাছে পৌঁছানোর পাশাপাশি রাজনীতিতেও মানুষের জন্য কাজ করার চেষ্টা করেছেন বলে উল্লেখ করেন তিনি।
তিনি আরও বলেন, ২০২১ সালে জনগণ তাকে রাজনীতিতে কাজ করার সুযোগ দিয়েছিল এবং গত পাঁচ বছর তিনি সেই দায়িত্ব পালনের চেষ্টা করেছেন। তবে ২০২৬ সালের নির্বাচনের মধ্য দিয়ে তার রাজনৈতিক যাত্রা শেষ হলো।
নির্বাচনে জয়ী দল ভারতীয় জনতা পার্টি–কেও শুভেচ্ছা জানিয়েছেন রাজ চক্রবর্তী। তিনি আশা প্রকাশ করেন, নতুন সরকার পশ্চিমবঙ্গকে উন্নয়নের পথে এগিয়ে নিয়ে যাবে এবং মানুষের সমস্যার সমাধানে কাজ করবে।
নির্বাচন চলাকালে ব্যারাকপুরে রাজ চক্রবর্তীর প্রচারণা ঘিরে ব্যাপক জনসমাগম ও আলোচনা ছিল। তবে ফল ঘোষণার দিন গণনাকেন্দ্র থেকে বের হওয়ার সময় বিক্ষোভ ও স্লোগানের মুখেও পড়তে হয় তাকে। স্থানীয়ভাবে অভিযোগ ওঠে, তার দিকে কাদা ও বিভিন্ন বস্তু ছুড়ে মারা হয়েছিল। যদিও এ বিষয়ে তিনি প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি।
রাজনীতিতে ইতি টানার ঘোষণার পর সামাজিক মাধ্যমে তার সমর্থক ও সহকর্মীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকেই তাকে আবার চলচ্চিত্র নির্মাণে আরও সক্রিয়ভাবে দেখতে চাওয়ার কথা জানিয়েছেন।