Thursday, June 18, 2026

মৌলভীবাজারের বড়লেখায় অবৈধ অনুপ্রবেশের অভিযোগে ভারতীয় নাগরিক আটক


ছবিঃ মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে প্রবেশের অভিযোগে এক ভারতীয় নাগরিককে আটক (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক। মৌলভীবাজার

মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে প্রবেশের অভিযোগে এক ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার রাতে উপজেলার মাধবকুণ্ড এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক ব্যক্তির নাম মো. আলী হুসেন (৩২)। তিনি ভারতের আসাম রাজ্যের করিমগঞ্জ জেলার পাথারকান্দি থানার দক্ষিণ কেফটি গ্রামের বাসিন্দা বলে জানিয়েছে বিজিবি।

বিজিবি সূত্রে জানা গেছে, সীমান্ত এলাকায় একজন ভারতীয় নাগরিকের অবৈধ অনুপ্রবেশের তথ্য পাওয়ার পর বিজিবি-৫২ ব্যাটালিয়নের সদস্যরা বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযানের একপর্যায়ে বড়লেখার বিওসিটিলা বিওপির দায়িত্বপূর্ণ এলাকার মাধবকুণ্ড থেকে তাকে আটক করা হয়। স্থানটি সীমান্তের শূন্যরেখা থেকে প্রায় তিন কিলোমিটার ভেতরে অবস্থিত।

আটকের পর তার কাছে থাকা বিভিন্ন কাগজপত্র যাচাই করে ভারতীয় নাগরিকত্বের বিষয়টি নিশ্চিত হয় বিজিবি। তল্লাশির সময় তার কাছ থেকে ভারতীয় নির্বাচন কমিশনের পরিচয়পত্র, আধার কার্ড এবং কর-সংক্রান্ত পরিচয়পত্র উদ্ধার করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আলী হুসেন জানিয়েছেন, মোবাইল ফোনের ডিসপ্লে-সংক্রান্ত ব্যবসায়িক কাজে বাংলাদেশে প্রবেশ করেছিলেন। তবে তিনি বৈধ কোনো ভ্রমণ নথি বা অনুমতি ছাড়াই সীমান্ত অতিক্রম করেছেন বলে অভিযোগ উঠেছে।

বিজিবি-৫২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আতাউর রহমান জানান, আটক ব্যক্তি ভারতীয় নাগরিক বলে নিশ্চিত হওয়া গেছে এবং তিনি নিজেও তা স্বীকার করেছেন। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে তিনি জানান।

সীমান্ত এলাকায় অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান প্রতিরোধে বিজিবির টহল ও নজরদারি আরও জোরদার করা হয়েছে বলেও সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন