- ১২ আগস্ট, ২০২৬
PNN নিউজ ডেস্ক। নেত্রকোনা
নেত্রকোনার মোহনগঞ্জে মাদক সেবন ও সংরক্ষণের দায়ে চার যুবককে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে তাদের আটক করার পর ঘটনাস্থলেই মোবাইল কোর্টের মাধ্যমে এ সাজা দেওয়া হয়।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বুধবার (১২ আগস্ট) সকালে বিষয়টি নিশ্চিত করেছে। অধিদপ্তর সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে মোহনগঞ্জ থানার নওহা জামে মসজিদের সামনে মাদক সেবন ও সংরক্ষণের সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা চারজনকে হাতেনাতে আটক করেন।
পরে খবর পেয়ে ঘটনাস্থলে যান মোহনগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এম এ কাদের। তিনি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অভিযোগ আমলে নেন এবং সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে চারজনকে দোষী সাব্যস্ত করেন। পরে অপরাধের ধরন অনুযায়ী প্রত্যেককে পৃথক মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
সাজাপ্রাপ্তরা হলেন—মোহনগঞ্জ থানার নওহা গ্রামের মৃত আশব আলীর ছেলে মো. শমল মিয়া (২২), পশ্চিম টেংগাপাড়া গ্রামের মৃত মনু মিয়ার ছেলে জাহেদুল ইসলাম জুয়েল (৩৩), সুনামগঞ্জের ধর্মপাশা থানার শেখবাড়ী এলাকার অর্জুন রায়ের ছেলে অনয় রায় (২০) এবং ধর্মপাশা থানার খুরশিমুল গ্রামের মহর উদ্দিনের ছেলে মো. ফারুক মিয়া (৩৫)।
এর মধ্যে শমল মিয়াকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। জাহেদুল ইসলাম জুয়েল ও অনয় রায়কে ১৫ দিন করে এবং মো. ফারুক মিয়াকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
সাজা ঘোষণার পর প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে চারজনকে নেত্রকোনা জেলা কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।