- ২৯ জুলাই, ২০২৬
PNN নিউজ ডেস্ক। ঢাকা
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ‘জুতা টানার যোগ্যতা রাখেন কি না’—এমন প্রশ্ন তুলেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রাশেদ খাঁন।
মঙ্গলবার (২৮ জুলাই) সকালে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের আব্দুস সালাম হলে ‘ন্যায়ভিত্তিক বৈষম্যহীন সমাজ গঠনে বিভাজন নয়, ঐক্য’ শীর্ষক এক আলোচনাসভায় তিনি এ মন্তব্য করেন।
রাশেদ খাঁন বলেন, একজন রাজনৈতিক নেতা সম্প্রতি মন্তব্য করেছেন যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্ত্রিত্ব পাওয়ার যোগ্য নন, অথচ তাকে রাষ্ট্রপতি করার কথা বলা হচ্ছে। এ প্রসঙ্গ টেনে তিনি প্রশ্ন করেন, ‘সেই নাসীরুদ্দীন পাটওয়ারী কি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জুতা টানার যোগ্যতা রাখেন?’
রাজনীতিতে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন বক্তব্যের সংস্কৃতি বন্ধ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, অপ্রয়োজনীয় ও দায়িত্বজ্ঞানহীন কথাবার্তার মাধ্যমে যে ধরনের রাজনৈতিক পরিবেশ তৈরি হচ্ছে, তা থেকে বেরিয়ে আসতে হবে।
তিনি বলেন, ‘ভণ্ডামি ও নোংরামির রাজনীতি বন্ধ করতে হবে। আমরা ঐক্য চাই। আর সেই ঐক্য প্রতিষ্ঠায় সবাইকে আন্তরিক হতে হবে।’
বিরোধী রাজনৈতিক দলগুলোর উদ্দেশে রাশেদ খাঁন বলেন, সরকারের বিরুদ্ধে নানা ধরনের মন্তব্য, মিথ্যাচার ও প্রচারমূলক রাজনীতি বন্ধ করা প্রয়োজন। রাজনৈতিক মতপার্থক্য থাকলেও পারস্পরিক সম্মান ও দায়িত্বশীল আচরণ বজায় রাখার আহ্বান জানান তিনি।
সরকারের বিভিন্ন কার্যক্রমের প্রতি সাধারণ মানুষের আস্থা বাড়ছে বলেও দাবি করেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা। তিনি বলেন, প্রধানমন্ত্রী বিনয়, নম্রতা, আন্তরিকতা ও সহমর্মিতার মাধ্যমে যে রাজনৈতিক সংস্কৃতি গড়ে তোলার চেষ্টা করছেন, তা মানুষের মধ্যে ইতিবাচক সাড়া ফেলছে।
সম্প্রতি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা সরাসরি প্রধানমন্ত্রীর কাছে গিয়ে নিজেদের দাবি ও সমস্যার কথা তুলে ধরতে পেরেছে উল্লেখ করে তিনি বলেন, এটি প্রমাণ করে প্রধানমন্ত্রী প্রটোকলের আনুষ্ঠানিক সীমারেখা অতিক্রম করে সাধারণ মানুষের আরও কাছে পৌঁছানোর চেষ্টা করছেন।
এ ছাড়া সরকারি ব্যয় কমানোর উদ্যোগের কথাও তুলে ধরেন রাশেদ খাঁন। সচিবালয়ে খাবার বাবদ ব্যয় উল্লেখযোগ্যভাবে কমিয়ে আনার পদক্ষেপকে তিনি সরকারের সাশ্রয়ী নীতি ও জবাবদিহিতার একটি উদাহরণ হিসেবে উল্লেখ করেন।
তবে রাশেদ খাঁনের বক্তব্যের বিষয়ে নাসীরুদ্দীন পাটওয়ারী বা এনসিপির পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।