- ২৯ জুলাই, ২০২৬
PNN নিউজ ডেস্ক। হবিগঞ্জে
হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রা কর্মসূচি শেষে দলটির শীর্ষ নেতাদের গাড়িবহরে হামলার অভিযোগের প্রতিবাদে সারা দেশে বিক্ষোভ সমাবেশের ঘোষণা দিয়েছে দলটি।
বুধবার (২৯ জুলাই) দেশের সব মহানগর, জেলা, উপজেলা ও থানা পর্যায়ে এ কর্মসূচি পালনের নির্দেশ দেওয়া হয়েছে। এনসিপির দপ্তর সেলের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, হবিগঞ্জে এনসিপির শান্তিপূর্ণ পদযাত্রা কর্মসূচিতে দলটির মুখ্য সংগঠক সারজিস আলম ও মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে হামলার ঘটনায় দলটি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে। হামলার জন্য বিএনপির নেতাকর্মীদের দায়ী করে সারা দেশে দলীয় প্রতিবাদ কর্মসূচি পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এনসিপির সব সাংগঠনিক ইউনিটকে নিজ নিজ এলাকায় প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ আয়োজনের নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে কর্মসূচি শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে বাস্তবায়নে প্রয়োজনীয় প্রস্তুতি নিতে এবং নির্ধারিত সময়ে নেতাকর্মীদের উপস্থিতি নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে।
এর আগে মঙ্গলবার সন্ধ্যায় হবিগঞ্জ শহরের টাউন হলের সামনে পদযাত্রা কর্মসূচি শেষ করে ফেরার সময় নাসীরুদ্দীন পাটওয়ারী ও সারজিস আলমের গাড়িবহরে হামলার ঘটনা ঘটে বলে অভিযোগ করে এনসিপি।
দলটির দাবি, স্থানীয় ছাত্রদল নেতাকর্মীরা অতর্কিতভাবে গাড়িবহরে হামলা চালান। এ ঘটনায় কয়েকজন সাংবাদিক এবং এনসিপির নেতাকর্মী আহত হন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে।
তবে হামলার অভিযোগের বিষয়ে বিএনপি বা ছাত্রদলের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।