Wednesday, July 29, 2026

ইসি স্বাধীনভাবে দায়িত্ব পালন করতে পারছে না: গোলাম পরওয়ার


ছবিঃ অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক। ঢাকা 

নির্বাচন কমিশন (ইসি) স্বাধীনভাবে দায়িত্ব পালন করতে পারছে না বলে অভিযোগ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। নির্বাচন কমিশনকে চোখ-কান খোলা রেখে নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছে তার দল।

বুধবার (২৯ জুলাই) দুপুরে নির্বাচন কমিশনের সঙ্গে জামায়াতে ইসলামীর প্রতিনিধিদলের বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

মিয়া গোলাম পরওয়ার বলেন, নির্বাচন কমিশনের স্বাধীন ও নিরপেক্ষ ভূমিকা নিশ্চিত করা জরুরি। এ বিষয়ে বৈঠকে দলের পক্ষ থেকে বিভিন্ন দাবি ও পর্যবেক্ষণ তুলে ধরা হয়েছে।

তিনি বলেন, আওয়ামী লীগের রাজনীতি আইন দ্বারা নিষিদ্ধ থাকায় দলটির সঙ্গে সংশ্লিষ্ট অবস্থায় কেউ নির্বাচনে অংশ নিতে পারবেন না—এমন ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে জামায়াত।

জামায়াতের সেক্রেটারি জেনারেল আরও বলেন, রাজনৈতিক বিবেচনায় যেসব ব্যক্তিকে জনপ্রতিনিধির পদে বসানো হয়েছে, তাদের ওই পদে নির্বাচনে অংশ নেওয়ার অযোগ্য ঘোষণা করতে হবে।

স্থানীয় সরকার নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষকদের অংশগ্রহণের বিষয়ে নির্বাচন কমিশনের সিদ্ধান্ত বাতিলের দাবিও বৈঠকে জানানো হয়েছে বলে উল্লেখ করেন তিনি।

গোলাম পরওয়ার বলেন, এমপিওভুক্ত শিক্ষকদের স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে না দেওয়ার সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানিয়েছি। নির্বাচন কমিশন বিষয়টি আমলে নিয়ে এ নিয়ে আলোচনার আশ্বাস দিয়েছে।

নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব শামসুল আলমের নিয়োগ বাতিলের দাবিও বৈঠকে উত্থাপন করা হয়েছে বলে জানান তিনি।

জামায়াতের সেক্রেটারি জেনারেলের দাবি, শামসুল আলম জাতীয় নির্বাচনে বিএনপির পক্ষে দায়িত্ব পালন করেছেন। তাকে নির্বাচন কমিশনে নিয়োগ দেওয়া হলে নির্বাচনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠতে পারে।

তিনি বলেন, অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে নির্বাচন কমিশনকে সব ধরনের বিতর্ক ও পক্ষপাতের ঊর্ধ্বে থেকে দায়িত্ব পালন করতে হবে।

তবে জামায়াতের উত্থাপিত দাবিগুলোর বিষয়ে নির্বাচন কমিশনের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন