Sunday, April 19, 2026

মেসি গড়লেন নতুন রেকর্ড: এমএলএসে টানা চার ম্যাচে একাধিক গোল!


ছবিঃ লিওনেল মেসি। ( সংগৃহীত । প্রতিদিন নিউজ )

ইন্টার মায়ামিতে যোগ দেওয়ার পর থেকেই একের পর এক রেকর্ড ভেঙে চলেছেন লিওনেল মেসি। এবার আরও একটি নতুন ইতিহাস গড়লেন আটবারের ব্যালন ডি'অর জয়ী এই আর্জেন্টাইন মহাতারকা। আমেরিকান মেজর লিগ সকারে (এমএলএস) প্রথম ফুটবলার হিসেবে তিনি টানা চার ম্যাচে একাধিক গোল করার কৃতিত্ব অর্জন করেছেন।

মেসির এই ঐতিহাসিক দিনে নিউ ইংল্যান্ড রেভল্যুশনকে ২-১ গোলে হারিয়েছে ইন্টার মায়ামি।

বৃহস্পতিবার (১০ জুলাই) ম্যাসাচুসেটসের জিলেট স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে এলএমটেন প্রথমার্ধেই ইন্টার মায়ামিকে দ্বিগুণ লিড এনে দেন। ম্যাচের ২৭তম মিনিটে প্রতিপক্ষের ডিফেন্ডারের ভুল পাসের সুযোগ নিয়ে ডি-বক্সের ভেতর থেকে প্রথম গোলটি করেন মেসি। এর মাত্র ১১ মিনিট পর, সার্জিও বুসকেটসের নিখুঁত থ্রু পাস থেকে বক্সের মাথা থেকে নিচু শটে দ্বিতীয় গোল করে নিজের ও দলের লিড দ্বিগুণ করেন এই আর্জেন্টাইন।

যদিও ম্যাচের ৮০ মিনিটে কার্লেস গিল নিউ ইংল্যান্ডের পক্ষে এক গোল করে ব্যবধান কমান, তবে তা মায়ামির জয় ঠেকাতে পারেনি। পুরো ম্যাচে লড়াই প্রায় সমানে সমান ছিল। মায়ামি ৫৬ শতাংশ বল পজেশন নিয়ে ১৩টি শট নেয়, যার মধ্যে ৩টি লক্ষ্যে ছিল। অন্যদিকে, নিউ ইংল্যান্ড রেভল্যুশন ১৬টি শট নেয়, যার মধ্যে ৬টি ছিল লক্ষ্যে।

মেসির অসাধারণ পারফরম্যান্সের দিনে মায়ামি ঘরোয়া প্রতিযোগিতায় টানা চতুর্থ জয় নিশ্চিত করেছে। এর ফলে, এমএলএসের চলতি মৌসুমে ফ্লোরিডার এই ক্লাবটি সর্বশেষ পাঁচ ম্যাচেই অপরাজিত থাকল।

নিউল ইংল্যান্ড রেভল্যুশন ম্যাচে ফেরার একাধিক সুযোগ পেলেও ফিনিশিংয়ের দুর্বলতায় সেগুলো কাজে লাগাতে পারেনি। তাদের অপেক্ষা ৮০ মিনিট পর্যন্ত দীর্ঘ হয়, যখন টমাস অ্যাভিলেসের ড্রিবলিং থেকে বল পেয়ে কার্লেস গিল জোরালো শটে ব্যবধান কমান। এরপরও স্বাগতিক দলটি সমতায় ফেরার মতো কার্যকর কিছু করতে পারেনি।

এমএলএসের ইস্টার্ন কনফারেন্সে বর্তমানে মায়ামি ১৮ পয়েন্ট নিয়ে পাঁচ নম্বরে অবস্থান করছে। সাত পয়েন্টের ব্যবধানে সবার শীর্ষে রয়েছে এফসি সিনসিনাতি। তবে মায়ামি তাদের সামনে থাকা চারটি দলের চেয়ে তিন ম্যাচ কম খেলেছে, যা তাদের জন্য আশাব্যঞ্জক।


Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন

  • ১৯ এপ্রিল, ২০২৬
Moeen Ali moves from IPL to PSL