- ০৬ মার্চ, ২০২৬
স্টাফ রিপোর্ট PNN
মার্কিন পপ সংগীত তারকা ব্রিটনি স্পিয়ার্স ক্যালিফোর্নিয়ায় মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর অভিযোগে আটক হয়েছেন। বুধবার (রাত) স্থানীয় সময় তাকে আটক করে ক্যালিফোর্নিয়া হাইওয়ে প্যাট্রোল। কয়েক ঘণ্টা পর জামিনে মুক্তি পেলেও আগামী মে মাসে তাকে আদালতে হাজির হতে হবে।
জানা গেছে, যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার ভেনচুরা কাউন্টিতে বুধবার রাত সাড়ে নয়টার দিকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা স্পিয়ার্সকে হাতকড়া পরিয়ে আটক করেন। পরে বৃহস্পতিবার ভোর তিনটার দিকে তাকে আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তার দেখানো হয়। গ্রেপ্তার–সংক্রান্ত নথি অনুযায়ী বর্তমানে তিনি জামিনে মুক্ত আছেন। আগামী ৪ মে ভেনচুরা কাউন্টি সুপ্রিম কোর্টে এ মামলার শুনানি অনুষ্ঠিত হবে।
ঘটনার পর এক বিবৃতিতে স্পিয়ার্সের প্রতিনিধি এটিকে দুর্ভাগ্যজনক ঘটনা বলে উল্লেখ করেন। তিনি বলেন, স্পিয়ার্স আইন মেনে চলবেন এবং নিজের জীবনে প্রয়োজনীয় পরিবর্তন আনতে সচেষ্ট থাকবেন বলে আশা করা হচ্ছে।
প্রতিনিধির ভাষ্য অনুযায়ী, এই সময়ে স্পিয়ার্স যেন প্রয়োজনীয় মানসিক সহায়তা পান সেটিই এখন তার পরিবার ও ঘনিষ্ঠদের প্রধান লক্ষ্য। তার দুই ছেলে কিছু সময় মায়ের সঙ্গে কাটাবেন এবং পরিবার তার ভবিষ্যৎ পরিকল্পনা ও সুস্থতা নিয়ে নতুন করে ভাবছে।
সম্প্রতি সংগীতজগতে কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কারণে আলোচনায় ছিলেন এই পপ তারকা। তিনি তার গানের ক্যাটালগ ও কিছু সংগীত অধিকার একটি প্রতিষ্ঠানের কাছে বিক্রি করেছেন। একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি জানিয়েছিলেন, ব্যক্তিগত কিছু কারণে আপাতত যুক্তরাষ্ট্রে আর লাইভ পারফরম্যান্স করবেন না। তবে ভবিষ্যতে যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়ায় মঞ্চে ফেরার আশা প্রকাশ করেছেন।
বিশ্ব পপ সংগীতের অন্যতম সফল শিল্পী হিসেবে পরিচিত স্পিয়ার্সের ব্যক্তিগত জীবন দীর্ঘদিন ধরেই আলোচনার কেন্দ্রবিন্দু। ২০০৮ সাল থেকে প্রায় ১৩ বছর তিনি আইনি অভিভাবকত্ব ব্যবস্থার অধীনে ছিলেন, যেখানে তার আর্থিক ও ব্যক্তিগত সিদ্ধান্তের নিয়ন্ত্রণ ছিল পরিবারের হাতে। ২০২১ সালে আদালতের রায়ে সেই ব্যবস্থা বাতিল হওয়ার পর তিনি ধীরে ধীরে জনসমক্ষে কম দেখা দিতে শুরু করেন।
উল্লেখ্য, স্পিয়ার্সের সর্বশেষ স্টুডিও অ্যালবাম “Glory” প্রকাশিত হয়েছিল ২০১৬ সালে। যুক্তরাষ্ট্রে শেষবার তিনি লাইভ পারফর্ম করেছিলেন ২০১৮ সালে। সাম্প্রতিক এই গ্রেপ্তার–ঘটনার পর আবারও তার ব্যক্তিগত জীবন ও সংগ্রাম নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।