Saturday, March 7, 2026

আম্পায়ারিং ছেড়ে অভিনয়ে সাবেক আইসিসি আম্পায়ার অনিল চৌধুরী


ছবিঃ আম্পায়ার চৌধুরী এবার পর্দায় গ্যাংস্টার (সংগৃহীত)

স্টাফ রিপোর্ট PNN

দীর্ঘদিন আন্তর্জাতিক ক্রিকেটে আম্পায়ারিং করার পর এবার সম্পূর্ণ ভিন্ন এক জগতে পা রাখলেন ভারতের সাবেক আম্পায়ার অনিল চৌধুরী। আম্পায়ারিং থেকে অবসর নেওয়ার মাত্র ছয় মাসের মধ্যেই তিনি অভিনয়ে আত্মপ্রকাশ করেছেন। নতুন একটি হরিয়ানভি মিউজিক ভিডিওতে গ্যাংস্টার চরিত্রে অভিনয় করে আলোচনায় এসেছেন তিনি।

২০২৫ সালের ২৭ সেপ্টেম্বর ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যকার একটি ওয়ানডে ম্যাচে দায়িত্ব পালন করার পর আম্পায়ারিং থেকে অবসর নেন অনিল চৌধুরী। এরপর বিশ্রামে না থেকে ভিন্ন পথে হাঁটার সিদ্ধান্ত নেন তিনি।

‘গুলি তো চলেগি’ শিরোনামের একটি হরিয়ানভি মিউজিক ভিডিওতে তাকে একেবারে ভিন্ন রূপে দেখা গেছে। ভিডিওটিতে কালো জ্যাকেট, রোদচশমা এবং ঘোড়ায় চড়ে গ্যাংস্টার চরিত্রে হাজির হয়েছেন তিনি। তার এই নতুন রূপ দেখে সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই বিস্ময় প্রকাশ করেছেন।

মিউজিক ভিডিওটি পরিচালনা করেছেন সুমন গুহ, যিনি ফ্যাশন ডিজাইনার হিসেবে কাজ করার পর চলচ্চিত্র পরিচালনায় যুক্ত হয়েছেন। আর প্রযোজনা করেছে এপিক ফিল্মসের নরেশ ঝা।

প্রথমবার ক্যামেরার সামনে দাঁড়ানোর অভিজ্ঞতা নিয়ে ৬০ বছর বয়সী অনিল চৌধুরী বলেন, আন্তর্জাতিক ম্যাচ বা আইপিএলে আম্পায়ারিং করার তুলনায় এখানে চাপ কিছুটা কম। কারণ ক্যামেরার সামনে ভুল হলে তা সংশোধনের সুযোগ থাকে, এমনকি সম্পাদনার সময়ও অনেক কিছু ঠিক করা যায়। কিন্তু আম্পায়ারিংয়ের ক্ষেত্রে একবার সিদ্ধান্ত দিলে সেটি আর পরিবর্তনের সুযোগ থাকে না।

তিনি আরও বলেন, অভিনয়ে আবেগ প্রকাশ গুরুত্বপূর্ণ হলেও আম্পায়ারিংয়ের সময় আবেগকে নিয়ন্ত্রণে রাখতে হয়। তবে ক্যামেরার সামনে দাঁড়াতে তার কোনো ভয় লাগেনি। কারণ এর আগে হরিয়ানভি ভাষায় ধারাভাষ্য দেওয়ার অভিজ্ঞতা তাকে আত্মবিশ্বাসী করেছে। নতুন এই সুযোগ দেওয়ার জন্য পরিচালক সুমন গুহ ও প্রযোজক নরেশ ঝার প্রতিও কৃতজ্ঞতা জানান তিনি।

২০১৩ থেকে ২০২৫ সালের মধ্যে অনিল চৌধুরী আন্তর্জাতিক ক্রিকেটে উল্লেখযোগ্য অবদান রেখেছেন। এই সময়ে তিনি ১২টি টেস্ট, ৪৯টি ওয়ানডে এবং ৬৪টি টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচে আম্পায়ারিং করেন। এছাড়া ১৩১টি আইপিএল ম্যাচেও দায়িত্ব পালন করেন, যা ভারতীয় আম্পায়ার সুন্দরম রবির রেকর্ডের সমান।

ঘরোয়া ক্রিকেটেও তার অভিজ্ঞতা সমৃদ্ধ। তিনি ৯১টি প্রথম শ্রেণির ম্যাচ, ১১৪টি লিস্ট ‘এ’ ম্যাচ এবং ২৭৮টি টি-টোয়েন্টি ম্যাচে আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করেছেন। ২০২২ সালে ভারতীয় ক্রিকেট বোর্ড তাকে এ+ ক্যাটাগরির আম্পায়ারদের তালিকায় অন্তর্ভুক্ত করেছিল, যেখানে মাত্র ১০ জন আম্পায়ার ছিলেন।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন