Monday, June 8, 2026

মাভাবিপ্রবিতে গুচ্ছ ভর্তি কার্যক্রমের প্রথম দিনেই ভিড়, উৎসবমুখর পরিবেশ


ছবিঃ মাভাবিপ্রবিতে গুচ্ছভুক্ত ভর্তি প্রক্রিয়া শুরু (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক। ঢাকা 

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) ২০২৫–২৬ শিক্ষাবর্ষের গুচ্ছ গুচ্ছভুক্ত ভর্তি প্রক্রিয়ার প্রাথমিক আবেদন কার্যক্রমের প্রথম দিনেই শিক্ষার্থীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে। দেশের বিভিন্ন জেলা থেকে আসা ভর্তিচ্ছু শিক্ষার্থী ও অভিভাবকদের ভিড়ে ক্যাম্পাসে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।

সোমবার (৮ জুন) সকাল থেকেই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে আসা শিক্ষার্থী ও অভিভাবকদের উপস্থিতি বাড়তে থাকে। সকাল ১০টা থেকে নির্ধারিত প্রক্রিয়া অনুযায়ী শিক্ষার্থীরা সারিবদ্ধভাবে প্রাথমিক ভর্তি কার্যক্রম সম্পন্ন করেন। ভিড় থাকলেও প্রশাসনের সুশৃঙ্খল ব্যবস্থাপনায় পুরো কার্যক্রম নিয়ন্ত্রিতভাবে সম্পন্ন হচ্ছে বলে জানা গেছে।

ভর্তিচ্ছু শিক্ষার্থীরা জানান, দূর-দূরান্ত থেকে এসে প্রক্রিয়া সম্পন্ন করতে কিছুটা ভোগান্তি হলেও সার্বিক পরিবেশ ও প্রশাসনিক সহযোগিতা ছিল সন্তোষজনক।

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের প্রথম মেরিটে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (CSE) বিভাগে স্থান পাওয়া ভর্তিচ্ছু শিক্ষার্থী মোহাম্মদ সিয়ামুল ইসলাম বলেন, “আমি সিরাজগঞ্জ থেকে এসেছি প্রাথমিক ভর্তি সম্পন্ন করতে। ভিড় থাকলেও কাজ খুব সুশৃঙ্খলভাবে চলছে।”

টাঙ্গাইলের ভর্তিচ্ছু শিক্ষার্থী নুসরাত জাহান বলেন, “একসাথে এত শিক্ষার্থীর উপস্থিতি থাকায় ভিড় বেশি, তবে ব্যবস্থাপনা ভালো হওয়ায় সমস্যা হয়নি।”

রংপুর থেকে আসা শিক্ষার্থী আবির হোসেন বলেন, “মাভাবিপ্রবি আমার পছন্দের তালিকায় আছে। এখানে ভর্তি প্রক্রিয়া শেষ করতে পেরে ভালো লাগছে।”

অভিভাবকরাও বিশ্ববিদ্যালয় প্রশাসনের ব্যবস্থাপনায় সন্তোষ প্রকাশ করেন। এক শিক্ষার্থীর বাবা মো. রফিকুল ইসলাম বলেন, “দূর থেকে এসেছি ছেলের স্বপ্ন পূরণের জন্য। ভিড় থাকলেও প্রশাসনের সহযোগিতা প্রশংসনীয়।”

এক শিক্ষার্থীর মা শারমিন আক্তার বলেন, “ভিড় থাকলেও পুরো প্রক্রিয়া খুব গোছানোভাবে চলছে। দায়িত্বপ্রাপ্তরা সহযোগিতা করছেন।”

বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, নির্ধারিত সময়সূচি অনুযায়ী ধাপে ধাপে প্রাথমিক ভর্তি কার্যক্রম সম্পন্ন করা হচ্ছে। পর্যাপ্ত জনবল ও ব্যবস্থাপনার মাধ্যমে প্রক্রিয়াটি নির্বিঘ্ন রাখতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।

প্রসঙ্গত, গুচ্ছ গুচ্ছভুক্ত ভর্তি কমিটির সিদ্ধান্ত অনুযায়ী ১ম মেধা তালিকায় নির্বাচিত শিক্ষার্থীদের নির্ধারিত ফি পরিশোধ করে প্রাথমিক ভর্তি সম্পন্ন করতে বলা হয়েছে। প্রতি শিক্ষার্থীর জন্য ৫,০০০ টাকা ফি নির্ধারণ করা হয়েছে। এই কার্যক্রম ৮ জুন থেকে ১১ জুন ২০২৬ পর্যন্ত চলবে এবং প্রতিদিন সকাল ১০টা থেকে বিকাল ৩টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ডিনস কমপ্লেক্সে পরিচালিত হচ্ছে।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন