- ০৮ জুন, ২০২৬
PNN নিউজ ডেস্ক। ঢাকা
২০২৭ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষা পূর্বঘোষিত রুটিন অনুযায়ী অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, বর্তমানে পরীক্ষার সূচিতে কোনো পরিবর্তনের পরিকল্পনা সরকারের নেই।
সোমবার (৮ জুন) শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা জানান।
শিক্ষামন্ত্রী বলেন, বিভিন্ন অংশীজন বা স্টেকহোল্ডারদের মতামতের ভিত্তিতেই ২০২৭ সালের এসএসসি পরীক্ষার সময়সূচি নির্ধারণ করা হয়েছে। তাদের চাহিদা ছিল, পবিত্র রমজান মাস শুরুর আগেই পরীক্ষার কার্যক্রম সম্পন্ন করা হোক। সেই বিবেচনায় রুটিন প্রণয়ন করা হয়েছে।
তিনি আরও বলেন, “এখন পর্যন্ত ঘোষিত সূচিই বহাল রয়েছে। ভবিষ্যতে যদি সংশ্লিষ্ট অংশীজনদের পক্ষ থেকে নতুন কোনো প্রস্তাব বা মতামত আসে, তাহলে বিষয়টি নিয়ে আলোচনা করা হতে পারে। তবে বর্তমানে রুটিন পরিবর্তনের কোনো সিদ্ধান্ত নেই।”
সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা বিষয়ক উপদেষ্টা মাহদী আমিন, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজসহ শিক্ষা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এ সময় উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব আবদুল খালেক, কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের সচিব মো. দাউদ মিয়া, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ।
শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, পরীক্ষার প্রস্তুতি ও শিক্ষাবর্ষের কার্যক্রম পরিকল্পনা অনুযায়ী এগিয়ে চলছে। ফলে শিক্ষার্থী ও অভিভাবকদের অযথা বিভ্রান্ত না হয়ে ঘোষিত সূচি অনুসরণ করার পরামর্শ দেওয়া হয়েছে।