- ০৮ জুন, ২০২৬
স্টাফ রিপোর্ট: PNN
কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক সেবা আরও বিস্তৃত করতে জনপ্রিয় চ্যাটবট চ্যাটজিপিটির বড় ধরনের রূপান্তরের পরিকল্পনা করছে OpenAI। আগামী কয়েক সপ্তাহের মধ্যেই এমন একটি নতুন সংস্করণ উন্মোচনের প্রস্তুতি চলছে, যেখানে শুধু কথোপকথন নয়, বরং কোডিং, স্বয়ংক্রিয় কাজ সম্পাদন এবং ব্যক্তিগত সহকারী হিসেবে কাজ করার মতো একাধিক সুবিধা এক প্ল্যাটফর্মে পাওয়া যাবে।
আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, নতুন সংস্করণের মাধ্যমে চ্যাটজিপিটিকে একটি ‘সুপার অ্যাপ’-এ পরিণত করতে চায় প্রতিষ্ঠানটি। এর লক্ষ্য হলো ব্যবহারকারীদের দৈনন্দিন ব্যক্তিগত ও পেশাগত কাজের জন্য একটি কেন্দ্রীয় ডিজিটাল সহকারী তৈরি করা।
ওপেনএআইয়ের কর্মকর্তাদের মতে, ভবিষ্যতের চ্যাটজিপিটি এমন এক ব্যক্তিগত এআই এজেন্ট হিসেবে কাজ করবে, যা ব্যবহারকারীর প্রয়োজন অনুযায়ী বিভিন্ন কাজ সম্পন্ন করতে পারবে। ব্যক্তিগত সময় ব্যবস্থাপনা থেকে শুরু করে অফিসের জটিল কাজ সব ক্ষেত্রেই সহায়তা দেওয়ার সক্ষমতা বাড়ানো হচ্ছে।
প্রতিষ্ঠানটি ব্যবসায়িক গ্রাহকদের মধ্যে নিজেদের অবস্থান আরও শক্তিশালী করতে চায়। বিশেষ করে এআই খাতে প্রতিযোগিতা বাড়ার প্রেক্ষাপটে উন্নত কোডিং টুল ও স্বয়ংক্রিয় এজেন্টভিত্তিক সেবা চালুর মাধ্যমে বাজারে নতুন সুবিধা দিতে চায় তারা।
নতুন পরিকল্পনার অংশ হিসেবে চ্যাটজিপিটিকে বিভিন্ন পেইড সেবার প্রবেশদ্বার হিসেবেও ব্যবহার করা হবে। ব্যবহারকারীরা প্রয়োজন অনুযায়ী উন্নত কোডিং প্ল্যাটফর্ম, বিশেষায়িত এআই টুল এবং অন্যান্য প্রিমিয়াম সেবায় সহজে প্রবেশ করতে পারবেন।
প্রযুক্তি বিশ্লেষকদের মতে, এটি ওপেনএআইয়ের কৌশলগত পরিবর্তনের অংশ। আগে বিভিন্ন স্বতন্ত্র পণ্য আলাদাভাবে বাজারে আনার ওপর গুরুত্ব দিলেও এখন প্রতিষ্ঠানটি একক প্ল্যাটফর্মকেন্দ্রিক অভিজ্ঞতার দিকে ঝুঁকছে। ফলে ভবিষ্যতে চ্যাটজিপিটি শুধু একটি চ্যাটবট নয়, বরং বহুমুখী ডিজিটাল সহকারী হিসেবে প্রতিষ্ঠিত হতে পারে।
বিশেষজ্ঞরা মনে করছেন, পরিকল্পনা সফল হলে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক প্রযুক্তি ব্যবহারের ধরনেও বড় পরিবর্তন আসতে পারে এবং চ্যাটজিপিটি ব্যক্তিগত ও পেশাগত কাজের জন্য আরও গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্মে পরিণত হবে।