- ১৬ জুলাই, ২০২৬
PNN নিউজ ডেস্ক। রাজশাহী
মাতৃত্বকালীন সময়ে উচ্চশিক্ষা চালিয়ে যাওয়া নারী শিক্ষার্থীদের জন্য বড় ধরনের ইতিবাচক উদ্যোগ নিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি)। বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিল নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়েছে, এ সময়ে নারী শিক্ষার্থীরা মাত্র ৪০ শতাংশ ক্লাসে উপস্থিত থাকলেও পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাবেন।
বুধবার (১৫ জুলাই) বিকেলে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে অনুষ্ঠিত একাডেমিক কাউন্সিলের ২৬৯তম সভায় সর্বসম্মতিক্রমে এই প্রস্তাব অনুমোদিত হয়। তবে সিদ্ধান্তটি কার্যকর হওয়ার আগে বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী সংস্থা সিন্ডিকেটের চূড়ান্ত অনুমোদন প্রয়োজন হবে।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) মহিলা বিভাগের পক্ষ থেকে মাতৃত্বকালীন নারী শিক্ষার্থীদের জন্য উপস্থিতির শর্ত শিথিল করার দাবি জানানো হয়েছিল। পরে বিষয়টি পর্যালোচনার জন্য একটি বিশেষ কমিটি গঠন করা হয়। সেই কমিটির সুপারিশের ভিত্তিতেই একাডেমিক কাউন্সিলে প্রস্তাবটি উপস্থাপন করা হয় এবং সদস্যদের সম্মতিতে তা অনুমোদিত হয়।
রাকসুর মহিলা বিষয়ক সম্পাদক সাইয়্যিদা হাফসা জানান, শুরুতে কমিটির প্রস্তাবে ৫০ শতাংশ উপস্থিতির শর্ত রাখা হয়েছিল। তবে বাস্তব পরিস্থিতি বিবেচনায় তা আরও কমিয়ে ৪০ শতাংশ করার দাবি জানানো হয়। আলোচনার পর একাডেমিক কাউন্সিল সেই প্রস্তাবই গ্রহণ করেছে।
তিনি বলেন, মাতৃত্বকালীন সময় একজন শিক্ষার্থীর জন্য শারীরিক ও মানসিকভাবে বিশেষ গুরুত্বপূর্ণ। এ সময়ে কঠোর উপস্থিতির নিয়ম অনেকের জন্য পড়াশোনা চালিয়ে যাওয়া কঠিন হয়ে পড়ে। নতুন সিদ্ধান্ত বাস্তবায়িত হলে নারী শিক্ষার্থীরা একাডেমিক কার্যক্রম অব্যাহত রাখতে আরও সহায়ক পরিবেশ পাবেন।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক এস এম কামরুজ্জামান বলেন, বিষয়টি নিয়ে আগে থেকেই একটি কমিটি কাজ করছিল। একাডেমিক কাউন্সিলের অনুমোদনের পর এখন এটি সিন্ডিকেট সভায় উপস্থাপন করা হবে। সেখানে চূড়ান্ত অনুমোদন মিললে নতুন নীতিমালা কার্যকর হবে।
সংশ্লিষ্টদের মতে, মাতৃত্বকালীন সময়ে নারী শিক্ষার্থীদের জন্য উপস্থিতির নিয়ম শিথিল করার এই উদ্যোগ উচ্চশিক্ষায় অন্তর্ভুক্তিমূলক পরিবেশ নিশ্চিত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হবে। পাশাপাশি পারিবারিক দায়িত্ব ও শিক্ষাজীবনের মধ্যে ভারসাম্য বজায় রাখতে এটি ইতিবাচক ভূমিকা রাখবে বলে মনে করছেন তারা।