- ০৫ সেপ্টেম্বর, ২০২৬
স্টাফ রিপোর্ট: PNN
ইলন মাস্কের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম X-এর সঙ্গে ট্রেডমার্ক নিয়ে আইনি লড়াইয়ে আংশিক সাফল্য পেয়েছে নতুন সামাজিক যোগাযোগমাধ্যম চালুর উদ্যোগ নেওয়া স্টার্টআপ Operation Bluebird। যুক্তরাষ্ট্রের ডেলাওয়্যার অঙ্গরাজ্যের একটি ফেডারেল আদালত ‘Twitter’ নাম ব্যবহারের ক্ষেত্রে X-এর পক্ষে অবস্থান নিলেও ‘Tweet’ শব্দ ও টুইটারের পাখির লোগো নিয়ে স্টার্টআপটির দাবির পক্ষে গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ দিয়েছে।
আদালতের এই সিদ্ধান্তের পর Operation Bluebird তাদের ওয়েবসাইটের নতুন নাম দিয়েছে Tweet.app। পাশাপাশি প্ল্যাটফর্মটি পরীক্ষামূলকভাবে সাধারণ ব্যবহারকারীদের জন্য চালুও করা হয়েছে।
এর আগে স্টার্টআপটি ‘Twitter.now’ নামে যাত্রা শুরু করেছিল। তবে আদালত ওই নাম ব্যবহারে নিষেধাজ্ঞা দেয়। X-এর দাবি করা টুইটার-সংশ্লিষ্ট আটটি ট্রেডমার্কের ক্ষেত্রে আদালত প্রাথমিক নিষেধাজ্ঞা জারি করলেও ‘Tweet’ ট্রেডমার্ক ও টুইটারের পাখির লোগোর ক্ষেত্রে X-এর আবেদন নাকচ করা হয়েছে।
বিচারক কোলম এফ. কনোলির পর্যবেক্ষণে বলা হয়েছে, Operation Bluebird সম্ভবত প্রমাণ করতে পারবে যে X ‘Tweet’ নাম ও পাখির লোগোর প্রকৃত বাণিজ্যিক ব্যবহার বন্ধ করে দিয়েছে এবং ভবিষ্যতে এগুলো পুনরায় ব্যবহারেরও ইচ্ছা নেই।
ইলন মাস্ক টুইটার অধিগ্রহণের পর প্ল্যাটফর্মটির নাম পরিবর্তন করে X করেন। এর সঙ্গে প্রতিষ্ঠানটির দীর্ঘদিনের ‘Twitter’, ‘tweet’ এবং নীল পাখির প্রতীকও ধীরে ধীরে সরিয়ে নেওয়া হয়। Operation Bluebird-এর পুরো উদ্যোগটিই মূলত এই পরিত্যক্ত ট্রেডমার্কগুলোর ওপর অধিকার প্রতিষ্ঠার প্রচেষ্টাকে ঘিরে।
ভার্জিনিয়াভিত্তিক স্টার্টআপটির নেতৃত্বে রয়েছেন দুই আইনজীবী। তাদের একজন প্রতিষ্ঠাতা মাইকেল পেরফ এবং অপরজন স্টিফেন কোটস, যিনি এর আগে টুইটারে ট্রেডমার্ক আইনজীবী হিসেবে কাজ করেছেন।
স্টার্টআপটির লক্ষ্য নতুন একটি সামাজিক যোগাযোগমাধ্যম গড়ে তোলার কথা বলা হলেও এর কর্মকাণ্ডের বড় অংশই পুরোনো টুইটার ব্র্যান্ডের পরিত্যক্ত ট্রেডমার্ক ঘিরে। প্রতিষ্ঠানটির ওয়েবসাইটেও মাস্কের rebranding-এর সময় বাদ পড়ে যাওয়া নাম ও প্রতীক পুনরুদ্ধারের উদ্দেশ্যের কথা তুলে ধরা হয়েছে।
Tweet.app চালুর আগেই প্ল্যাটফর্মটিতে নির্দিষ্ট ব্যবহারকারীর নাম বা হ্যান্ডেল নেওয়ার জন্য ১ লাখ ৭২ হাজারের বেশি মানুষ আবেদন করেছেন বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। পুরোনো ‘Twitter’ ব্র্যান্ডের প্রতি ব্যবহারকারীদের আগ্রহই এর পেছনে বড় ভূমিকা রেখেছে বলে মনে করা হচ্ছে।
তবে প্ল্যাটফর্মটিতে যোগ দিতে ব্যবহারকারীদের ২০ ডলার দিয়ে হ্যান্ডেল সংরক্ষণ করতে হচ্ছে। স্টার্টআপটির এই ফি তাদের প্রাথমিক পরিচালন ব্যয় ও আইনি লড়াইয়ের খরচ মেটাতে সহায়তা করছে বলে ধারণা করা হচ্ছে।
ডেলাওয়্যার আদালতের বর্তমান রায়টি চূড়ান্ত নয়। এটি X-এর করা প্রাথমিক নিষেধাজ্ঞার আবেদনের ওপর দেওয়া একটি বিভক্ত সিদ্ধান্ত। ফলে টুইটার-সংশ্লিষ্ট ট্রেডমার্কগুলোর ওপর শেষ পর্যন্ত X-এর অধিকার থাকবে কি না, তা পরবর্তী আইনি প্রক্রিয়ায় নির্ধারিত হবে।
Operation Bluebird-এর প্রেসিডেন্ট স্টিফেন কোটস দাবি করেছেন, X ‘Twitter’ নামটি নিজেদের কাছে রাখলেও ‘tweet’ শব্দ ও পাখির প্রতীক ছেড়ে দিয়েছে। তার যুক্তি, ‘tweet’ কোনো প্রতিষ্ঠানের একক সম্পত্তি নয়; এটি মানুষের বক্তব্য প্রকাশের একটি সাধারণ শব্দ, যা টুইটার নাম পরিবর্তনের পরও সাধারণ মানুষের ব্যবহারে টিকে আছে।
এদিকে আদালতের পরবর্তী সিদ্ধান্তের ওপরই নির্ভর করছে Operation Bluebird কতটা স্বাধীনভাবে ‘Tweet’ ব্র্যান্ড ব্যবহার করতে পারবে এবং X শেষ পর্যন্ত এসব ট্রেডমার্কের ওপর কতটা অধিকার ধরে রাখতে সক্ষম হবে।