Monday, June 29, 2026

মানুষের সমস্যা সমাধানেই গুরুত্ব দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর


ছবিঃ প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের সমাপনী ভাষণ দেন। (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক। ঢাকা 

প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান বলেছেন, ইতিহাস নিয়ে বিতর্কের চেয়ে সাধারণ মানুষের বাস্তব সমস্যার সমাধানকে অগ্রাধিকার দিতে হবে। তিনি উল্লেখ করেন, এসব বিতর্ক কোনো অসুস্থ শিশুর চিকিৎসা নিশ্চিত করতে পারে না কিংবা বেকারদের কর্মসংস্থানের পথ খুলে দেয় না।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) রাতে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের সমাপনী ভাষণে তিনি এসব কথা বলেন। প্রায় এক মাসব্যাপী এই অধিবেশন ১২ মার্চ শুরু হয়ে মোট ২৫ কার্যদিবস শেষে সমাপ্ত হয়।

প্রধানমন্ত্রী বলেন, হামে আক্রান্ত শিশুদের চিকিৎসা নিশ্চিত করা এবং বেকার যুবকদের কর্মসংস্থান সৃষ্টি এখন সময়ের দাবি। তিনি সংসদ সদস্যদের উদ্দেশে আগামী অধিবেশনে বিদ্যুৎ সমস্যা, কর্মসংস্থান বৃদ্ধি, শিক্ষা ও স্বাস্থ্যসেবার প্রসার নিয়ে কার্যকর আলোচনা করার আহ্বান জানান।

তিনি আরও বলেন, দেশের উন্নয়ন ও মানুষের জীবনমান উন্নয়নের বিষয়গুলোই হওয়া উচিত সংসদের মূল আলোচ্য বিষয়। অন্য দেশের উদাহরণ নয়, বরং নিজেদের সক্ষমতা কাজে লাগিয়ে দেশকে এগিয়ে নেওয়ার ওপর গুরুত্ব দেন তিনি।

নারী শিক্ষার প্রসঙ্গে প্রধানমন্ত্রী জানান, পূর্বে দ্বাদশ শ্রেণি পর্যন্ত বিনামূল্যে শিক্ষার সুযোগ থাকলেও তা বাড়িয়ে স্নাতক পর্যায় পর্যন্ত করা হবে। পাশাপাশি মেধাবী শিক্ষার্থীদের জন্য উপবৃত্তির ব্যবস্থাও রাখা হবে। নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে ফ্যামিলি কার্ড কর্মসূচির কথাও উল্লেখ করেন তিনি।

তিনি বলেন, রাজনৈতিক অস্থিরতা দেশের অর্থনীতি ও উন্নয়নকে বাধাগ্রস্ত করে। তাই একটি স্থিতিশীল সরকার নিশ্চিত করা জরুরি, বিশেষ করে বড় অঙ্কের ঋণের চাপ সামলে দেশকে এগিয়ে নিতে হলে।

শিক্ষা খাতের উন্নয়নে পরিকল্পনার কথা তুলে ধরে তিনি জানান, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের পর্যায়ক্রমে স্কুলব্যাগ, পোশাক ও জুতা সরবরাহ করা হবে। শিক্ষাঙ্গনে ইতিবাচক পরিবেশ নিশ্চিত করার বিষয়েও গুরুত্বারোপ করেন তিনি।

এদিকে বৈশ্বিক পরিস্থিতির প্রভাবে জ্বালানি সংকটের কথাও উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, মধ্যপ্রাচ্যের চলমান অস্থিরতার কারণে এর প্রভাব বাংলাদেশেও পড়েছে। এ সমস্যা সমাধানে সরকার ও বিরোধী দলের যৌথ উদ্যোগ প্রয়োজন বলেও তিনি মত দেন।

সংসদের কার্যক্রম প্রসঙ্গে জানা যায়, প্রথম অধিবেশনে মোট ৯৪টি বিল পাস হয়েছে। অন্তর্বর্তী সরকারের সময় জারি করা ১৩৩টি অধ্যাদেশের মধ্যে ১১০টি অনুমোদন দেওয়া হয় এবং কয়েকটি বাতিল বা অকার্যকর হয়ে যায়।

অধিবেশনের শেষে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ রাষ্ট্রপতির আদেশ পাঠ করে সমাপ্তি ঘোষণা করেন। তিনি বলেন, দীর্ঘ সময় পর অনুষ্ঠিত এই সংসদে সরকারি ও বিরোধী দলের মধ্যে সহযোগিতামূলক মনোভাব দেখা গেছে, যা গণতন্ত্রকে আরও শক্তিশালী করতে সহায়ক হবে।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন