Tuesday, April 28, 2026

মালদ্বীপের চার জাতি টুর্নামেন্টে অনূর্ধ্ব-২৩ দল নিয়ে খেলবে বাংলাদেশ


ছবিঃ মালদ্বীপে চার জাতি ফুটবল টুর্নামেন্টে বাংলাদেশের কোচের দায়িত্ব সামলাবেন মারুফুল হক। (সংগৃহীত)

স্টাফ রিপোর্ট: PNN 

মালদ্বীপের স্বাধীনতার ৬০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত চার জাতির ফুটবল টুর্নামেন্টে অংশ নিতে যাচ্ছে বাংলাদেশ। আগামী ১ থেকে ১০ জুন অনুষ্ঠিতব্য এই প্রতিযোগিতায় স্বাগতিক মালদ্বীপ ছাড়াও বাংলাদেশ, শ্রীলঙ্কা এবং পাকিস্তান অংশ নেবে।

তবে অন্যান্য দেশগুলো তাদের সিনিয়র দল নিয়ে অংশ নিলেও বাংলাদেশ খেলবে অনূর্ধ্ব-২৩ দল নিয়ে। জানা গেছে, একই সময়ে জাতীয় সিনিয়র দলের আন্তর্জাতিক সূচি থাকায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ৫ জুন আন্তর্জাতিক প্রীতি ম্যাচে সানমারিনো-র বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশের সিনিয়র দল, ফলে মূল খেলোয়াড়রা সেখানে ব্যস্ত থাকবেন।

অনূর্ধ্ব-২৩ দলকে সাধারণত অলিম্পিক দল হিসেবে বিবেচনা করা হয়। নিয়ম অনুযায়ী এ দলে তিনজন সিনিয়র খেলোয়াড় অন্তর্ভুক্ত করার সুযোগ থাকে। বাংলাদেশ দলের ক্ষেত্রেও এমন পরিকল্পনা রয়েছে। আয়োজকদের সঙ্গে আলোচনা করে সিনিয়র খেলোয়াড়ের সংখ্যা কিছুটা বাড়ানোর বিষয়েও ভাবছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন।

দলের ম্যানেজার শাহিন হাসান জানিয়েছেন, মালদ্বীপ টুর্নামেন্টে বাংলাদেশের কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন মারুফুল হক। তিনি বর্তমানে দেশের শীর্ষ ক্লাবগুলোর একটির কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন।

এই টুর্নামেন্টকে সামনে রেখে তরুণ খেলোয়াড়দের আন্তর্জাতিক অভিজ্ঞতা অর্জনের একটি গুরুত্বপূর্ণ সুযোগ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। একই সঙ্গে ভবিষ্যতের জাতীয় দলের জন্য সম্ভাবনাময় ফুটবলারদের যাচাইয়ের ক্ষেত্র হিসেবেও বিবেচনা করা হচ্ছে প্রতিযোগিতাটিকে।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন