Tuesday, April 28, 2026

চোটে ছিটকে যাওয়ার শঙ্কা, অস্ত্রোপচার করালেন লুকা মদ্রিচ


ছবিঃ লুকা মদ্রিচের ভাঙা চোয়ালে অস্ত্রোপচার করা হয়েছে। (সংগৃহীত)

স্টাফ রিপোর্ট: PNN 

ফুটবল বিশ্বকাপ সামনে রেখে দুঃসংবাদ পেল ক্রোয়েশিয়া দল। মুখের চোটে অস্ত্রোপচার করাতে হয়েছে অভিজ্ঞ মিডফিল্ডার লুকা মদ্রিচ-কে, যা তার বিশ্বকাপ প্রস্তুতিতে অনিশ্চয়তা তৈরি করেছে।

ক্রোয়েশিয়ান ফুটবল ফেডারেশন সোমবার জানায়, মদ্রিচের বাঁ গালের হাড়ে চিড় ধরায় অস্ত্রোপচার করা হয় এবং তা সফলভাবে সম্পন্ন হয়েছে। বর্তমানে জাতীয় দলের চিকিৎসকরা তার শারীরিক অবস্থার ওপর নজর রাখছেন এবং ক্লাবের সঙ্গে সমন্বয় করে পুনর্বাসন প্রক্রিয়া চালানো হচ্ছে।

রোববার ইতালির সান সিরো স্টেডিয়ামে এসি মিলান ও জুভেন্টাস-এর ম্যাচ চলাকালে এ ঘটনা ঘটে। ম্যাচের এক পর্যায়ে জুভেন্টাসের মিডফিল্ডার ম্যানুয়েল লোকাতেলি-র সঙ্গে সংঘর্ষে মাথায় আঘাত পান মদ্রিচ। ব্যথা নিয়েই কিছু সময় খেলে শেষ দিকে মাঠ ছাড়তে বাধ্য হন তিনি।

দলের অধিনায়ক হিসেবে তার অভিজ্ঞতা ক্রোয়েশিয়ার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই বিশ্বকাপের আগে এই চোট দলটির জন্য বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে।

ক্রোয়েশিয়ার প্রধান কোচ জ্লাতকো দালিচ এক বিবৃতিতে বলেন, তিনি মদ্রিচের সঙ্গে কথা বলেছেন এবং তার দ্রুত সুস্থতা কামনা করেছেন। কোচের আশা, অভিজ্ঞ এই ফুটবলার বিশ্বকাপে অংশ নিতে সর্বোচ্চ চেষ্টা করবেন এবং দল তার পাশে থাকবে।

চিকিৎসকরা জানিয়েছেন, মদ্রিচের মাঠে ফেরার বিষয়টি তার পুনর্বাসন প্রক্রিয়ার ওপর নির্ভর করছে। এখন দেখার বিষয়, সময়মতো সুস্থ হয়ে তিনি বিশ্বকাপে খেলতে পারেন কি না।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন