Tuesday, April 28, 2026

ট্রাম্পকে দেওয়া ফিফা ‘শান্তি পুরস্কার’ বাতিলের দাবি নরওয়ের ফুটবল ফেডারেশনের


ছবিঃ গত ডিসেম্বরে ২০২৬ বিশ্বকাপের ড্র অনুষ্ঠানে প্রথমবারের মতো ফিফা ‘পিস প্রাইজ’ বা শান্তি পুরস্কার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হাতে তুলে দেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। (সংগৃহীত)

স্টাফ রিপোর্ট: PNN 

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প-কে দেওয়া ফিফার ‘পিস প্রাইজ’ বা শান্তি পুরস্কার বাতিলের দাবি জানিয়েছে নরওয়ের ফুটবল ফেডারেশন (এনএফএফ)। সংস্থাটি বলছে, এ ধরনের পুরস্কার ফিফার রাজনৈতিক নিরপেক্ষতার নীতির সঙ্গে সাংঘর্ষিক।

এনএফএফের সভাপতি লিসে ক্লাভেনেস জানান, ফুটবলের বাইরের বিষয়ে এমন পুরস্কার দেওয়া ফিফার দায়িত্বের মধ্যে পড়ে না। বিষয়টি নিয়ে তারা আনুষ্ঠানিকভাবে ফিফাকে চিঠি দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। পাশাপাশি ‘ফেয়ারস্কয়ার’ নামে একটি প্রচারগোষ্ঠী যে অভিযোগ করেছে, সেটিকেও সমর্থন করছে নরওয়ের এই ফুটবল সংস্থা।

গত বছর ২০২৬ বিশ্বকাপের ড্র অনুষ্ঠানে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো প্রথমবারের মতো এই পুরস্কার ট্রাম্পের হাতে তুলে দেন। এ ঘটনায় তখন থেকেই বিভিন্ন মহলে সমালোচনা শুরু হয়। বিশেষ করে আন্তর্জাতিক রাজনৈতিক প্রেক্ষাপটে এ ধরনের পুরস্কার দেওয়াকে অনেকেই বিতর্কিত হিসেবে দেখছেন।

লিসে ক্লাভেনেস বলেন, শান্তি পুরস্কার দেওয়ার মতো সংবেদনশীল কাজ সাধারণত স্বাধীন ও নিরপেক্ষ প্রতিষ্ঠান—যেমন নোবেল কমিটি—পরিচালনা করে থাকে। ফিফার মতো ক্রীড়া সংস্থার পক্ষ থেকে এমন উদ্যোগ নেওয়া তাদের নিরপেক্ষ অবস্থানকে প্রশ্নবিদ্ধ করতে পারে।

তিনি আরও বলেন, ভবিষ্যতে ফিফা ও সংশ্লিষ্ট সংস্থাগুলোকে এমন পরিস্থিতি এড়িয়ে চলা উচিত, যেখানে রাজনৈতিক পক্ষপাতিত্বের অভিযোগ ওঠার আশঙ্কা থাকে। একই সঙ্গে তিনি জোর দিয়ে বলেন, এই বিষয়ে নৈতিকতা কমিটির তদন্ত স্বচ্ছ ও দ্রুত সম্পন্ন হওয়া প্রয়োজন।

এদিকে, এনএফএফের এই অবস্থান আন্তর্জাতিক ফুটবল অঙ্গনে নতুন করে আলোচনা তৈরি করেছে। ফিফা এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানায়নি।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন