- ১৫ আগস্ট, ২০২৬
PNN নিউজ ডেস্ক। মাদারীপুর
মাদারীপুরের কালকিনি পৌর এলাকার গোপালপুর দারুসসুন্নাহ মহিলা মাদ্রাসার পাশে বোমা বিস্ফোরণের ঘটনায় পাঁচ শিক্ষার্থী আহত হয়েছে। শনিবার (১৫ আগস্ট) সকালে মাদ্রাসার সঙ্গে লাগোয়া একটি বসতঘরের সামনে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।
আহত শিক্ষার্থীদের উদ্ধার করে প্রথমে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে কয়েকজনকে মাদারীপুর জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, সকালে মাদ্রাসার পাশে ইমন সরদারের বসতঘরের সামনে হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এতে মাদ্রাসার কয়েকজন শিক্ষার্থী আহত হয়। আহতদের মধ্যে আবিদা (৮), জান্নাত (৯), মিনহা (১০) ও মাইমুনা (৯) রয়েছে। তবে বিস্ফোরণের পর ঘটনাস্থলে কী ধরনের বিস্ফোরক ছিল, তাৎক্ষণিকভাবে তা নিশ্চিত হওয়া যায়নি।
বিস্ফোরণের ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে কালকিনি থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি পরিদর্শন করে এবং ঘটনার বিষয়ে প্রাথমিকভাবে তথ্য সংগ্রহ করে।
বসতঘরের মালিক ইমন সরদার বলেন, “আমার ঘরের সামনে কীভাবে বোমা বিস্ফোরিত হলো, তা আমি জানি না।”
মাদ্রাসার মুহতামিম হাফিজুর রহমান জানান, সকালে হঠাৎ বিস্ফোরণের শব্দ শুনতে পান তারা। পরে ঘটনাস্থলে গিয়ে কয়েকজন শিক্ষার্থীকে আহত অবস্থায় দেখতে পান। এ ঘটনায় মোট পাঁচ শিক্ষার্থী আহত হয়েছে বলে জানান তিনি।
কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহিরুল আলম বলেন, “মাদ্রাসায় বোমা বিস্ফোরণের খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। ঘটনাটি কীভাবে ঘটেছে এবং বিস্ফোরণের উৎস কী ছিল, তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।”
পুলিশ জানিয়েছে, ঘটনাটি তদন্ত করে বিস্ফোরণের কারণ ও এর সঙ্গে কারও সংশ্লিষ্টতা রয়েছে কি না, তা বের করার চেষ্টা চলছে।