- ১১ জুলাই, ২০২৬
PNN নিউজ ডেস্ক। জয়পুরহাট
জয়পুরহাট সদর উপজেলার পশ্চিম রামকৃষ্ণপুর সীমান্ত দিয়ে দুই নারীসহ তিনজনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করেছে বলে অভিযোগ উঠেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর বিরুদ্ধে। তবে স্থানীয় বাসিন্দা ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) দ্রুত তৎপরতায় সেই চেষ্টা ব্যর্থ হয়। বর্তমানে ওই তিন ব্যক্তি দুই দেশের মধ্যবর্তী শূন্যরেখায় অবস্থান করছেন।
শনিবার ভোরে পশ্চিম রামকৃষ্ণপুর সীমান্তের ২৭৫/৮ এস সাব-পিলার এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, ভোরের দিকে সীমান্তের লাইটপোস্টের আলো নিভিয়ে তিনজনকে বাংলাদেশের দিকে ঠেলে দেওয়ার চেষ্টা করা হয়। সীমান্ত পাহারায় থাকা গ্রামবাসীরা বিষয়টি টের পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যান এবং বিজিবিকে খবর দেন।
খবর পেয়ে বিজিবির সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেন। পরে তারা ওই তিনজনকে নিজেদের নিরাপত্তা বলয়ের মধ্যে নিয়ে সীমান্তের শূন্যরেখায় অবস্থান করেন। এতে পুশইনের চেষ্টা সফল হয়নি।
বিজিবি সূত্রে জানা গেছে, আটক ব্যক্তিদের মধ্যে একজনের নাম হাফিজুর রহমান (৬৫)। প্রাথমিক তথ্য অনুযায়ী, তার বাড়ি নড়াইল জেলায়। তবে তার সঙ্গে থাকা দুই নারীর পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা সম্ভব হয়নি।
ধলাহার ইউনিয়ন পরিষদের সদস্য সফিকুল ইসলাম বলেন, স্থানীয় বাসিন্দারা দ্রুত একত্রিত হয়ে সীমান্তে উপস্থিত হওয়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। পরে বিজিবি ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে।
সর্বশেষ তথ্য অনুযায়ী, সীমান্তের শূন্যরেখায় বিজিবি ও বিএসএফ সদস্যরা অবস্থান করছেন। ঘটনাটির সমাধান এবং ওই তিন ব্যক্তির বিষয়ে সিদ্ধান্ত নিতে দুই বাহিনীর মধ্যে যোগাযোগ অব্যাহত রয়েছে। এ বিষয়ে একটি পতাকা বৈঠক আয়োজনের প্রস্তুতিও চলছে।
জয়পুরহাট ২০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ লতিফুল বারী বলেন, বিএসএফ তিনজনকে বাংলাদেশে পাঠানোর চেষ্টা করেছিল। বিজিবি তা প্রতিহত করেছে এবং বর্তমানে সীমান্ত পরিস্থিতি শান্ত রয়েছে।
ঘটনার পর সীমান্ত এলাকায় সতর্কতা জোরদার করা হয়েছে। পুরো বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে বিজিবি।