- ০১ জুলাই, ২০২৬
PNN নিউজ ডেস্ক। কুড়িগ্রাম
কুড়িগ্রামের রৌমারী উপজেলার ভুন্দুরচর সীমান্তের শূন্যরেখায় প্রায় ১৭ দিন অবস্থান করার পর তিন যুবক রহস্যজনকভাবে নিখোঁজ হয়েছেন। মঙ্গলবার (৩০ জুন) রাতের কোনো এক সময় তারা সেখান থেকে সরে যান বলে ধারণা করা হচ্ছে। তবে তারা কোথায় গেছেন বা কীভাবে সীমান্ত এলাকা ত্যাগ করেছেন, সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য জানাতে পারেনি বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বুধবার (১ জুলাই) সকালে স্থানীয়রা সীমান্ত এলাকায় গিয়ে দেখেন, কয়েকদিন ধরে অবস্থান করা ওই তিন যুবকের কাউকেই সেখানে পাওয়া যাচ্ছে না। একই সঙ্গে ওই এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর টহলও আর চোখে পড়েনি।
রৌমারী সদর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য রুহুল আমিন জানান, সকালে সীমান্তে গিয়ে দেখা যায় পুরো এলাকা ফাঁকা। দীর্ঘদিন ধরে সেখানে অবস্থান করা তিন যুবকের কোনো খোঁজ মেলেনি।
এর আগে গত ১৪ জুন রৌমারী উপজেলার গয়টাপাড়া ও ভুন্দুরচর সীমান্ত দিয়ে মোট নয়জনকে বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা করে বিএসএফ—এমন অভিযোগ ওঠে। এর মধ্যে গয়টাপাড়া সীমান্তে ছয়জন এবং ভুন্দুরচরে তিনজন ছিলেন। স্থানীয় বাসিন্দা ও বিজিবির তৎপরতায় সেই পুশইনের চেষ্টা সফল হয়নি বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
পরবর্তীতে গয়টাপাড়া সীমান্তে অবস্থান করা ছয়জন একসময় সেখান থেকে চলে যান। একইভাবে ভুন্দুরচর সীমান্তে টানা ১৭ দিন অবস্থান করা তিন যুবকও মঙ্গলবার রাতের কোনো এক সময় সবার অগোচরে সরে যান। তাদের বর্তমান অবস্থান নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা।
ঘটনার সত্যতা নিশ্চিত করে জামালপুর ৩৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান বলেন, বুধবার ভোর থেকে ওই তিন যুবককে আর সীমান্তে দেখা যাচ্ছে না। তারা কীভাবে বা কোন পথে চলে গেছেন, সে বিষয়ে বিজিবির কাছে নিশ্চিত তথ্য নেই। তবে সীমান্ত এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার রাখা হয়েছে এবং সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন।
ঘটনার পর সীমান্তজুড়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। নিখোঁজ তিন যুবকের অবস্থান এবং তারা কোন পথে সীমান্ত এলাকা ত্যাগ করেছেন, তা এখনো স্পষ্ট না হওয়ায় বিষয়টি নিয়ে নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে।