- ১৮ আগস্ট, ২০২৬
PNN নিউজ ডেস্ক। কুমিল্লা
কুমিল্লায় ডাকাতির প্রস্তুতিকালে একটি চক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার (১৭ আগস্ট) রাতে কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের সদর দক্ষিণ থানার লালমাই বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় ডাকাতির কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম, একটি পিকআপ ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।
মঙ্গলবার (১৮ আগস্ট) সকালে বিষয়টি নিশ্চিত করেন ডিবির উপপরিদর্শক (এসআই) পবিত্র সরকার।
ডিবির ভাষ্য, গোপন সংবাদের ভিত্তিতে লালমাই বাজার এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় ডাকাতির প্রস্তুতি নিয়ে একটি পিকআপে অবস্থান করা দুইজনকে আটক করা হয়। পরে তাদের সহযোগীরা মোটরসাইকেলে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে ধাওয়া দিয়ে আরও তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ।
কুমিল্লা ডিবির ওসি মোহাম্মদ শামছুল আলম শাহ জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা জানিয়েছেন, তারা সদর দক্ষিণ থানার পদুয়ার বাজার এলাকায় জড়ো হয়ে কুমিল্লা-চাঁদপুর মহাসড়ক দিয়ে পরানপুর বাজার এলাকায় ডাকাতির উদ্দেশ্যে যাচ্ছিলেন। তবে অভিযান পরিচালনা করে ডাকাতির ঘটনা ঘটার আগেই তাদের আটক করা সম্ভব হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন চাঁদপুর সদর থানার হোসেনপুর এলাকার জহিরুল ইসলাম প্রধানিয়া ওরফে ফারুক (৫৩), রবিউল আলম (৩৫), হাজীগঞ্জ থানার মো. মামুন মিজি (৪৫), ফরিদগঞ্জ থানার মো. কবির ভূঁইয়া (৪০) এবং মো. নজরুল ইসলাম (৩৫)।
পুলিশের দাবি, গ্রেপ্তার ব্যক্তিরা দীর্ঘদিন ধরে চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলার বিভিন্ন এলাকায় ডাকাতির সঙ্গে জড়িত ছিলেন। তাদের বিরুদ্ধে আগের কোনো মামলা রয়েছে কি না, তা যাচাই করা হচ্ছে।
অভিযান থেকে একটি লোহার বেল্ট কাটার, সেলাই রেঞ্চ, প্লাস, লোহার রড, দুটি কাঠের হাতলযুক্ত কিরিচ, একটি কাঠের হাতলযুক্ত হাসুয়া ও একটি কালো কাপড়ের ব্যাগ উদ্ধার করা হয়েছে। এছাড়া একটি নীল রঙের পিকআপ ও কালো রঙের একটি ডিসকভার মোটরসাইকেল জব্দ করেছে ডিবি পুলিশ।