Tuesday, April 28, 2026

কুমিল্লায় ছিনতাইকারী চক্রের ফাঁদে পড়ে প্রাণ হারালেন কাস্টমস কর্মকর্তা


ছবিঃ গ্রেফতারকৃত পাঁচ আসামি (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক। কুমিল্লা

কুমিল্লায় কাস্টমস কর্মকর্তা বুলেট বৈরাগী হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনের দাবি করেছে র‌্যাব-১১। সংস্থাটি জানিয়েছে, সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রের কবলে পড়ে চলন্ত সিএনজি থেকে ছুড়ে ফেলার ফলে তার মৃত্যু হয়। এ ঘটনায় জড়িত পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে।

র‌্যাব-১১ এর এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৫ এপ্রিল রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কোটবাড়ি এলাকায় একটি হোটেলের পাশে বুলেট বৈরাগীর মরদেহ উদ্ধার করা হয়। তিনি চট্টগ্রামে একটি প্রশিক্ষণ শেষে নিজ বাসায় ফিরছিলেন।

তদন্ত সূত্রে জানা গেছে, গন্তব্যে পৌঁছাতে তিনি অন্যান্য যাত্রীর সঙ্গে একটি সিএনজিতে ওঠেন। তবে সেই সিএনজির যাত্রীরাই ছিল ছিনতাইকারী চক্রের সদস্য। তারা পরিকল্পিতভাবে তাকে টার্গেট করে সিএনজিতে তোলে এবং চলন্ত অবস্থায় ভয়ভীতি ও শারীরিক নির্যাতনের মাধ্যমে তার কাছ থেকে টাকা-পয়সা ও মূল্যবান জিনিসপত্র ছিনিয়ে নেয়।

পরবর্তীতে কোটবাড়ি এলাকায় পৌঁছে তাকে চলন্ত গাড়ি থেকে ফেলে দেওয়া হয়। এতে গুরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ঘটনার পর নিহতের মা বাদী হয়ে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। বিষয়টি ব্যাপক আলোড়ন সৃষ্টি করলে র‌্যাব-১১ গোয়েন্দা নজরদারি ও প্রযুক্তির সহায়তায় অভিযান শুরু করে।

পরদিন বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের কাছ থেকে নিহতের ব্যবহৃত মোবাইল ফোন, ব্যাগসহ বিভিন্ন সামগ্রী উদ্ধার করা হয়েছে। এছাড়া হত্যাকাণ্ডে ব্যবহৃত সিএনজি ও বিভিন্ন অস্ত্রও জব্দ করা হয়েছে।

র‌্যাব জানায়, আটক ব্যক্তিরা একটি সক্রিয় ছিনতাইকারী চক্রের সদস্য এবং তারা দীর্ঘদিন ধরে মহাসড়কে যাত্রীদের টার্গেট করে ছিনতাই ও ডাকাতি চালিয়ে আসছিল।

র‌্যাব-১১ এর সংশ্লিষ্ট কর্মকর্তা জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাদের থানায় হস্তান্তর করা হয়েছে। একই সঙ্গে এ ধরনের অপরাধ দমনে অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংস্থাটি।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন