- ২৭ এপ্রিল, ২০২৬
PNN নিউজ ডেস্ক। নারায়ণগঞ্জ
নারায়ণগঞ্জের ফতুল্লায় চাঞ্চল্যকর এক হত্যাকাণ্ডে সমবয়সী কিশোরদের হাতে প্রাণ হারিয়েছে ১১ বছরের এক শিশু। ‘খুন করলে জেলে যেতে হয়’—এই কৌতূহল থেকেই পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
সোমবার (২৭ এপ্রিল) নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সি এ তথ্য জানান।
পুলিশের ভাষ্য অনুযায়ী, গত ২৪ এপ্রিল ফতুল্লা রেলস্টেশন এলাকার একটি পরিত্যক্ত বাড়ি থেকে অজ্ঞাতপরিচয় এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়। পরে পরিবারের সদস্যরা এসে মরদেহটি শনাক্ত করেন। নিহত হোসাইন তার বাবার সঙ্গে শহরে ফুল বিক্রি করত এবং ১৮ এপ্রিল থেকে নিখোঁজ ছিল।
তদন্তে উঠে আসে, স্থানীয় কয়েকজন কিশোর নিয়মিত ওই পরিত্যক্ত স্থানে আড্ডা দিত এবং মাদক সেবন করত। ঘটনার দিন তারা পূর্বপরিকল্পনা অনুযায়ী হোসাইনকে ডেকে নিয়ে যায়। তাকে গাঁজা সেবনের প্রলোভন দেখিয়ে নির্জন স্থানে নেওয়া হয়, যেখানে আগে থেকেই ধারালো অস্ত্র রাখা ছিল।
পরে সেখানে উপস্থিত ছয় কিশোর মিলে তাকে ছুরিকাঘাত করে হত্যা করে এবং মরদেহ ফেলে রেখে পালিয়ে যায়। পুলিশ জানায়, মূলত ‘জেল খাটার অভিজ্ঞতা কেমন’—এমন অদ্ভুত কৌতূহল থেকেই তারা এই অপরাধে জড়িয়ে পড়ে।
ঘটনার পরপরই অভিযান চালিয়ে প্রথমে এক কিশোরকে আটক করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে পর্যায়ক্রমে আরও পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। এদের মধ্যে কয়েকজন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।
পুলিশ আরও জানায়, হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরি উদ্ধার করা হয়েছে এবং মামলার সঙ্গে জড়িত আরও একজন এখনও পলাতক রয়েছে। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
এ ঘটনায় এলাকায় চরম উদ্বেগ ও শোকের সৃষ্টি হয়েছে। কিশোরদের এমন ভয়াবহ অপরাধপ্রবণতা সমাজের জন্য গভীর উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।