Monday, April 27, 2026

খুলনা প্রেসক্লাবে হামলা: সাংবাদিক লাঞ্ছিত, সড়ক অবরোধে বিক্ষোভ


ছবি: (সংগৃহীত)



 খুলনা প্রেসক্লাবে ঢুকে কর্মরত সাংবাদিকদের লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে একদল দুর্বৃত্তের বিরুদ্ধে। রোববার সন্ধ্যা ছয়টার দিকে এ ঘটনা ঘটে। ঘটনার প্রতিবাদে তাৎক্ষণিকভাবে বিক্ষোভে ফেটে পড়েন সাংবাদিকেরা এবং প্রেসক্লাবের সামনের সড়ক অবরোধ করেন।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, আসন্ন ৩০ এপ্রিলের নির্বাচনকে ঘিরে প্রেসক্লাব এলাকায় প্রচারণা চলছিল। এ সময় হঠাৎ করেই কয়েকজন বহিরাগত প্রেসক্লাব প্রাঙ্গণে প্রবেশ করে বিশৃঙ্খলা সৃষ্টি করে। তারা উপস্থিত সাংবাদিকদের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে এবং এক পর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

অভিযোগ রয়েছে, দুর্বৃত্তরা সভাপতি প্রার্থী ও খুলনা সংবাদপত্র পরিষদের সভাপতি মোস্তফা সরোয়ারের নাম ধরে উচ্চস্বরে কটূক্তি করতে থাকে। একই সঙ্গে সাধারণ সম্পাদক প্রার্থী ও একটি বেসরকারি টেলিভিশনের খুলনা প্রতিনিধি মোহাম্মদ তরিকুল ইসলামসহ কয়েকজন সাংবাদিককে শারীরিক ও মৌখিকভাবে লাঞ্ছিত করা হয়।

ঘটনার পরপরই প্রেসক্লাবে অবস্থানরত সাংবাদিকরা প্রতিবাদে বিক্ষোভ শুরু করেন। তারা হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে প্রেসক্লাবের সামনে সড়ক অবরোধ করেন। এতে ওই এলাকায় যান চলাচল কিছু সময়ের জন্য ব্যাহত হয়।

বিক্ষোভ কর্মসূচিতে সভাপতিত্ব করেন প্রেসক্লাবের আহ্বায়ক এনামুল হক। তিনি বলেন, “সাংবাদিকদের ওপর এ ধরনের হামলা শুধু ব্যক্তিগত আক্রমণ নয়, এটি স্বাধীন গণমাধ্যমের ওপর সরাসরি আঘাত। আমরা অবিলম্বে জড়িতদের গ্রেপ্তার ও শাস্তি চাই।”

এ সময় সংহতি জানিয়ে বক্তব্য দেন খুলনা মহানগর বিএনপির সভাপতি শফিকুল আলম (মনা)। তিনি বলেন, “সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। যারা এ ঘটনার সঙ্গে জড়িত, তাদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে।”

সমাবেশটি সঞ্চালনা করেন এক জাতীয় দৈনিকের খুলনা প্রতিনিধি হাসান হিমালয়। রাত নয়টা পর্যন্ত অবরোধ কর্মসূচি চলতে থাকে।

এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। তবে এখন পর্যন্ত এ বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন