- ১২ আগস্ট, ২০২৬
স্টাফ রিপোর্ট: PNN
হলিউড তারকা ও উদ্যোক্তা কিম কার্ডাশিয়ানের লস অ্যাঞ্জেলেসের বিলাসবহুল বাড়িতে চুরির চেষ্টার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (৯ আগস্ট) ক্যালিফোর্নিয়ার হিডেন হিলসে অবস্থিত বাড়িটিতে এ ঘটনা ঘটে। তবে ঘটনার সময় বাড়িতে ছিলেন না কিম কিংবা তাঁর চার সন্তান।
প্রায় ৬০ মিলিয়ন ডলার মূল্যমানের এ বাড়িতে বর্তমানে বড় ধরনের সংস্কারকাজ চলছে। পুলিশ জানিয়েছে, ঘটনার সময় সন্দেহভাজন ব্যক্তি বাড়ি থেকে কিছু জিনিস বের করে একটি গাড়িতে তোলার চেষ্টা করছিলেন। বিষয়টি নজরে আসে সেখানে দায়িত্বে থাকা এক নিরাপত্তাকর্মীর।
পুলিশের বরাত দিয়ে বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, নিরাপত্তাকর্মী সন্দেহভাজন ব্যক্তিকে বাড়ির ভেতর থেকে কিছু জিনিস নিয়ে বের হতে দেখেন। পরে ওই ব্যক্তি বাড়ির এক কর্মীর গাড়িতে উঠে আশপাশের এলাকায় ঘোরাঘুরি করতে থাকেন। সন্দেহ হওয়ায় নিরাপত্তাকর্মী জরুরি নম্বরে ফোন করেন।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পুলিশ ওই ব্যক্তিকে আটক করে। তাঁর কাছ থেকে কোনো অস্ত্র উদ্ধার হয়নি। এ ঘটনায় কেউ আহতও হননি বলে জানিয়েছে পুলিশ।
তবে কিম কার্ডাশিয়ানের প্রতিনিধিদের বক্তব্যে কিছুটা ভিন্ন তথ্য পাওয়া গেছে। তাঁদের দাবি, সন্দেহভাজন ব্যক্তি বাড়ির মূল অংশে প্রবেশ করতে পারেননি। সংস্কারাধীন বাড়িটিতে কিমের কোনো ব্যক্তিগত সামগ্রীও রাখা ছিল না।
চুরির চেষ্টার সময় কিম কার্ডাশিয়ান ও তাঁর চার সন্তান—নর্থ, সেন্ট, শিকাগো ও স্যাম—কেউই ওই বাড়িতে ছিলেন না। কয়েক মাস ধরে তাঁরা একটি ভাড়া বাড়িতে বসবাস করছেন। সংস্কারকাজ শেষ হওয়ার পরই তাঁরা হিডেন হিলসের বাড়িতে ফিরবেন বলে জানা গেছে।
২০১৪ সালে তৎকালীন স্বামী র্যাপার কানিয়ে ওয়েস্টের সঙ্গে থাকার সময় কিম প্রায় ২০ মিলিয়ন ডলারে বাড়িটি কিনেছিলেন। পরে ২০২২ সালে কানিয়ে ওয়েস্টের সঙ্গে বিবাহবিচ্ছেদ চূড়ান্ত হওয়ার পর বাড়িটি নিজের কাছে রাখার জন্য কিমকে প্রায় ২৩ মিলিয়ন ডলার ব্যয় করতে হয়েছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
বর্তমানে বাড়িটির আনুমানিক মূল্য প্রায় ৬০ মিলিয়ন ডলার। বিশাল এই সম্পত্তি কিমের সবচেয়ে আলোচিত আবাসিক সম্পদগুলোর একটি।
কিম ও কানিয়ে বাড়িটি কেনার পর থেকেই সেখানে বড় ধরনের সংস্কার করা হয়। বাড়িটির অন্দরসজ্জায় মিনিমালিস্ট নকশা ব্যবহার করা হয়েছিল, যা সে সময় ব্যাপক আলোচনার জন্ম দেয়।
কানিয়ে ওয়েস্ট একসময় বাড়িটির নকশাকে প্রচলিত বড় আকারের ‘ম্যাকম্যানশন’ থেকে অনেকটা ভবিষ্যৎধর্মী বেলজিয়ান মঠের আদলে রূপ দেওয়ার পরিকল্পনার কথা জানিয়েছিলেন।
সাম্প্রতিক সংস্কারকাজও শুধু অন্দরসজ্জায় সীমাবদ্ধ নেই। ২০২৪ সালের শেষ দিকে প্রকাশিত ছবি এবং পরবর্তী সময়ে প্রকাশ্যে আসা আরও কিছু ছবিতে বাড়ির কাঠামোগত পরিবর্তনের বিষয়টি স্পষ্ট হয়। বাড়িতে নতুন অংশ যুক্ত করা, দেয়াল ও জানালা পরিবর্তনসহ ব্যাপক নির্মাণকাজ চলছে।
কিমের এই বাড়ির সংস্কার নিয়ে এর আগেও আইনি জটিলতা তৈরি হয়েছিল। ২০২১ সালে এক প্রতিবেশী আদালতের মাধ্যমে বাড়িটির নিচে কথিত ভূগর্ভস্থ ভল্ট, পার্কিং, ওয়েলনেস সেন্টার ও গার্ডহাউস নির্মাণ ঠেকানোর চেষ্টা করেন। তবে আদালত তাঁর আবেদন নাকচ করে দেন।
পরবর্তী সময়ে বিভিন্ন কারণে সংস্কারকাজের গতি কমে গেলেও ২০২৪ সাল থেকে বাড়িটিতে আবার বড় পরিসরে নির্মাণকাজ শুরু হয়। পরে প্রকাশিত ছবিতে দেখা যায়, পরিকল্পিত পরিবর্তনের পরিধি আগের ধারণার চেয়েও অনেক বেশি।
এদিকে ২০২৫ সালের অক্টোবরে নিজের ৪৫তম জন্মদিন উপলক্ষে একই এলাকায় আরও একটি বাড়ি কেনেন কিম। প্রায় ৭ দশমিক ১ মিলিয়ন ডলারে কেনা চার শয়নকক্ষের ওই বাড়িটিকেও বিদ্যমান সম্পত্তির সঙ্গে যুক্ত করার পরিকল্পনা রয়েছে বলে বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে।
সংস্কারাধীন অবস্থায় কিমের বিলাসবহুল বাড়িতে চুরির চেষ্টার ঘটনায় বড় কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা না ঘটলেও এ ঘটনার পর সম্পত্তিটির নিরাপত্তাব্যবস্থা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। পুলিশ গ্রেপ্তার ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করে ঘটনার প্রকৃত উদ্দেশ্য এবং তিনি কীভাবে বাড়ির ভেতরে প্রবেশের সুযোগ পেয়েছিলেন, তা খতিয়ে দেখছে।