- ১৭ জুলাই, ২০২৬
PNN নিউজ ডেস্ক। খুলনা
খুলনার শহীদ সোহরাওয়ার্দী কলেজে জুলাই শহীদ দিবসের আলোচনা সভায় একজন শিক্ষকের বক্তব্যে বাঁধাদান ও হট্টগোলের অভিযোগ পাওয়া গেছে। জুলাই অভ্যূত্থানের ফলে আমার কথা বলার স্বাধীনতা ফিরে পেয়েছি, যা অতীতে ফ্যাসিস্ট শাসনামলে ছিলনা- বক্তৃতায় এ কথা বলায় কতিপয় শিক্ষক অযাচিতভাবে কটাক্ষ করে পরিস্থিতি উত্তপ্ত করেন বলে জানা গেছে। তবে কর্তৃপক্ষের দাবি, ব্যক্তিগত দ্বন্দ্ব থেকে বিতর্ক হয়েছে, জুলাইকে কেন্দ্র করে নয়। বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২ টার দিকে কলেজের টিচার্স লাউঞ্জে এ ঘটনা ঘটে।
কলেজের ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক মনিরুজ্জামান মোড়ল অভিযোগ করেন, জুলাই শহীদ দিবসের আলোচনা সভায় তিনি বক্তব্য দিতে দাঁড়ালে হিসাববিজ্ঞান বিভাগের সহকারি অধ্যাপক এম এম ইমরান হোসেন তাকে কটাক্ষ করেন ও প্রকাশ্যে উচ্চস্বরে বক্তব্যের সমালোচনা করেন। এ নিয়ে বাকবিতন্ডার সৃষ্টি হলে রায়হান হোসেন ও আয়শা আবু বক্কর নামে অপর দুই শিক্ষক ইমরান হোসেনের পক্ষ নিয়ে অযাচিত মন্তব্য করেন।
মনিরুজ্জামানের অভিযোগ, ইমরান হোসেন আযম খান কমার্স কলেজে ছাত্রলীগ নেতা ছিলেন। আগস্ট অভ্যূত্থানের পরে কয়েক মাস আত্মগোপনে থাকায় কলেজে আসেননি। এখন স্বদর্পে কলেজে ফিরেছেন এবং ফ্যাসিবাদের পক্ষে কথা বলেন।
অভিযোগ অস্বীকার করে এম এম ইমরান হোসেন বলেন, মনিরুজ্জামান মোড়ল প্রতিনিয়ত ঝামেলা করার চেষ্টা করেন। ব্যক্তিগতভাবে খোঁচা দিয়ে কথা বলেন। আমি একটা রাজনীতির সাথে জড়িত ছিলাম। সে জন্য নানাভাবে হেয় প্রতিপন্ন করেন।
ঘটনার সময় কোন পক্ষ নেননি বলে দাবি করেন ফিন্যান্স বিভাগের প্রভাষক রায়হান হোসেন। আর আয়শা আবু বক্কর বলেন, উনি (মনিরুজ্জামান মোড়ল) দীর্ঘদিন যাবৎ সিনিয়র টিচার ইমরান স্যারের সাথে খারাপ ব্যবহার করছেন। আওয়ামী লীগ আমলে তৎকালীন এমপি শেখ জুয়েলের সাথে তার ছবি আছে। বিভিন্ন কমিটিতেও উনি থাকতেন। আজ যেভাবে প্রোগ্রামের ভেতর গালিগালাজ করেছেন তা বলার মতো না।
কলেজের অধ্যক্ষ রুমা নন্দী বলেন, জুলাই সংক্রান্ত আলোচনায় নিয়ে ঝামেলা হয়নি। ব্যক্তিগত প্রসঙ্গে কথা কাটাকাটি হয়। ঘটনা খুবই সামান্য। তিনি বলেন, আগস্টের পর থেকে আমরা ইমরানকে কোন অনুষ্ঠানে বক্তব্য দেওয়া এভয়েড করি।