Monday, June 8, 2026

খুলনা সিটি কর্পোরেশন আয়োজিত মতবিনিময় সভায় ডেঙ্গু নিয়ন্ত্রণে হটলাইন ও মোবাইল অ্যাপ চালুর প্রস্তাব পথ বাংলাদেশের


ছবিঃ খুলনা সিটি কর্পোরেশন আয়োজিত “ডেঙ্গু পরিস্থিতি ও প্রতিকার কার্যক্রম” বিষয়ক এক মতবিনিময় সভা (সংগৃহীত)

PNN খুলনা প্রতিনিধি: মোঃ ইয়াসির আজিজ

ডেঙ্গু প্রতিরোধ ও নিয়ন্ত্রণ কার্যক্রমকে আরও কার্যকর করতে প্রযুক্তিনির্ভর সেবা সম্প্রসারণ এবং নাগরিক অংশগ্রহণ বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়েছে। এ লক্ষ্যে কেন্দ্রীয় হটলাইন, মোবাইল অ্যাপ এবং পুরস্কারভিত্তিক কমিউনিটি সম্পৃক্ততা কর্মসূচিসহ একাধিক নতুন প্রস্তাব উপস্থাপন করা হয়েছে।


বুধবার খুলনা সিটি কর্পোরেশন আয়োজিত “ডেঙ্গু পরিস্থিতি ও প্রতিকার কার্যক্রম” বিষয়ক এক মতবিনিময় সভায় এসব প্রস্তাব তুলে ধরে সামাজিক সংগঠন পথ বাংলাদেশ ।


সভায় পথ বাংলাদেশ-এর প্রোগ্রাম অফিসার ফারদিনা ইসলাম অনন্যা ডেঙ্গুসহ বিভিন্ন জরুরি নাগরিক সেবা দ্রুত ও সহজলভ্য করতে একটি কেন্দ্রীয় হটলাইন নম্বর চালুর প্রস্তাব দেন। পাশাপাশি তিনি একটি মোবাইল অ্যাপ চালুর সুপারিশ করেন, যার মাধ্যমে নাগরিকরা ঘরে বসেই অভিযোগ, মতামত এবং প্রয়োজনীয় তথ্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পৌঁছে দিতে পারবেন।


তিনি বলেন, ডেঙ্গু ঝুঁকিপূর্ণ এলাকা শনাক্তকরণ, রোগ পরিস্থিতির দৈনিক হালনাগাদ তথ্য প্রদান এবং জনসচেতনতা বৃদ্ধির জন্য একটি সমন্বিত ওয়েবসাইট ও অ্যাপভিত্তিক তথ্যব্যবস্থা গড়ে তোলা প্রয়োজন। এর মাধ্যমে নাগরিকরা রিয়েল-টাইম তথ্য পাওয়ার পাশাপাশি দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে পারবেন।


সভায় পথ বাংলাদেশ-এর যুব ফোরামের সদস্য আশফাকুর রহমান শান্ত ডেঙ্গু প্রতিরোধে নাগরিক সম্পৃক্ততা বাড়াতে একটি Reward-Based Community Engagement Model উপস্থাপন করেন। তিনি বলেন, শুধুমাত্র জরিমানা বা শাস্তিমূলক ব্যবস্থার পরিবর্তে পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখা পরিবারগুলোকে স্বীকৃতি ও পুরস্কারের আওতায় আনলে জনসচেতনতা এবং অংশগ্রহণ আরও বৃদ্ধি পাবে।


তার প্রস্তাব অনুযায়ী, যেসব বাসা নিয়মিত পরিচ্ছন্ন রাখা হবে এবং যেখানে মশার লার্ভা পাওয়া যাবে না, সেসব বাড়িকে “এই বাসাটি পরিচ্ছন্ন এবং মশার লার্ভামুক্ত” উল্লেখ করে বিশেষ স্টিকার দেওয়া যেতে পারে। নির্দিষ্ট সময় পরপর মূল্যায়নের ভিত্তিতে এসব স্বীকৃতি নবায়ন করা হবে।


মতবিনিময় সভা শেষে খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু ডেঙ্গু সংক্রান্ত অভিযোগ ও সেবার জন্য হটলাইন চালুর বিষয়ে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। একই সঙ্গে ডেঙ্গু প্রতিরোধ কর্মপরিকল্পনায় পুরস্কারভিত্তিক উদ্যোগ অন্তর্ভুক্ত করার বিষয়েও তিনি ইতিবাচক মনোভাব প্রকাশ করেন।


সভায় জানানো হয়, ভবিষ্যতে খুলনা সিটি কর্পোরেশন ও পথ বাংলাদেশ যৌথভাবে জনসচেতনতা বৃদ্ধি, নাগরিক অংশগ্রহণ জোরদার এবং ডেঙ্গু নিয়ন্ত্রণ কার্যক্রমকে আরও কার্যকর করতে কাজ করবে।


জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা মনে করছেন, আধুনিক প্রযুক্তিনির্ভর সেবা এবং কমিউনিটি পর্যায়ে সক্রিয় নাগরিক অংশগ্রহণের সমন্বয় ডেঙ্গু প্রতিরোধ ও নিয়ন্ত্রণে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করতে পারে।



Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন