Thursday, August 20, 2026

কার্সরের পর এবার কগনিশনে নজর স্পেসএক্সের


ছবিঃ স্কট উ হলেন ‘কগনিশন’ (Cognition)-এর সহ-প্রতিষ্ঠাতা ও সিইও (সংগৃহীত)

স্টাফ রিপোর্ট: PNN 

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই খাতে প্রতিদ্বন্দ্বীদের সঙ্গে পাল্লা দিতে আরও জোরালোভাবে এগোচ্ছে ইলন মাস্কের স্পেসএক্স। এরই অংশ হিসেবে এআই কোডিং স্টার্টআপ কগনিশন অধিগ্রহণের চেষ্টা করেছিল প্রতিষ্ঠানটি এমন খবর প্রকাশ করেছে ব্লুমবার্গ। তবে সেই দাবি সরাসরি নাকচ করেছেন কগনিশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) স্কট উ।

ব্লুমবার্গের প্রতিবেদনে সংশ্লিষ্ট কয়েকজনের বরাত দিয়ে বলা হয়, স্পেসএক্স কগনিশনকে কিনে নেওয়ার বিষয়ে আলোচনা করেছিল। তবে সেই আলোচনা বর্তমানে আর সক্রিয় নেই। এদিকে প্রতিবেদন প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে স্কট উ দাবি করেন, খবরটি সঠিক নয়। তাঁর ভাষায়, কগনিশন ‘বিক্রির জন্য নয়’ এবং দুই প্রতিষ্ঠানের মধ্যে অধিগ্রহণ নিয়ে কোনো আলোচনা হয়নি।

কগনিশনের তৈরি এআই কোডিং এজেন্ট ডেভিন (Devin) সফটওয়্যার তৈরির কাজে স্বয়ংক্রিয়ভাবে কোড লেখা, বিশ্লেষণ ও বিভিন্ন জটিল কাজ সম্পন্ন করতে পারে। প্রতিষ্ঠানটির করপোরেট গ্রাহকদের মধ্যে মার্সিডিজ-বেঞ্জ, সিটি ও গোল্ডম্যান স্যাকসের মতো বড় নাম রয়েছে।

স্পেসএক্সের এআই উচ্চাকাঙ্ক্ষার বিষয়টি সাম্প্রতিক সময়ে আরও স্পষ্ট হয়েছে। গত জুনে প্রায় ৬০ বিলিয়ন ডলারের বিনিময়ে আরেক এআই কোডিং স্টার্টআপ কার্সর অধিগ্রহণ করে প্রতিষ্ঠানটি। গত সপ্তাহেই সেই অধিগ্রহণের প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে সম্পন্ন হয়েছে।

এর আগে মাস্কের এআই প্রতিষ্ঠান এক্সএআইও স্পেসএক্সের সঙ্গে যুক্ত হয়েছে। স্পেসএক্সের ব্যবসায় এআইয়ের গুরুত্ব কতটা বাড়ছে, তা বোঝা যায় মাস্কের সাম্প্রতিক মন্তব্যেও। কর্মীদের উদ্দেশে তিনি বলেছেন, আগামী চার-পাঁচ বছরের মধ্যে স্পেসএক্সের মোট মূল্যমানের প্রায় ৯৯ শতাংশই এআই থেকে আসতে পারে।

তবে এআই প্রতিযোগিতায় স্পেসএক্সের সামনে বড় চ্যালেঞ্জও রয়েছে। ওপেনএআই, অ্যানথ্রপিক ও গুগলের মতো প্রতিষ্ঠানের তুলনায় এক্সএআই এখনো তুলনামূলকভাবে প্রাথমিক পর্যায়ে রয়েছে। তাদের চ্যাটবট গ্রককে ঘিরে বিভিন্ন বিতর্কও প্রতিষ্ঠানটির জন্য বাড়তি চাপ তৈরি করেছে।

বিশেষ করে এআই-সহায়িত কোডিং এখন প্রযুক্তি খাতে দ্রুত আয় করার একটি গুরুত্বপূর্ণ ক্ষেত্র হয়ে উঠেছে। অ্যানথ্রপিকের ক্লড কোড-এর দ্রুত জনপ্রিয়তা এই বাজারের সম্ভাবনাকে আরও স্পষ্ট করেছে। কার্সরকে অধিগ্রহণের পেছনেও স্পেসএক্সের এআই কোডিং সক্ষমতা বাড়ানোর এই কৌশল কাজ করেছে বলে মনে করা হচ্ছে।

কগনিশন অধিগ্রহণ করতে পারলে স্পেসএক্সের হাতে ডেভিনের মতো আরও একটি শক্তিশালী কোডিং প্ল্যাটফর্ম আসত। পাশাপাশি বড় করপোরেট গ্রাহকদের সঙ্গে কগনিশনের সম্পর্ক কাজে লাগিয়ে এন্টারপ্রাইজ এআই বাজারেও নিজেদের অবস্থান শক্ত করার সুযোগ পেত প্রতিষ্ঠানটি।

তবে কগনিশনের বর্তমান বাজারমূল্যও কম নয়। গত মে মাসে প্রতিষ্ঠানটি এক বিলিয়ন ডলারের বিনিয়োগ সংগ্রহ করে। ওই বিনিয়োগের পর কোম্পানিটির মূল্যায়ন দাঁড়ায় প্রায় ২৫ বিলিয়ন ডলার। এরই মধ্যে নতুন অর্থায়ন নিয়ে আলোচনা চলছে এবং সম্ভাব্য মূল্যায়ন ৪০ বিলিয়ন ডলারে পৌঁছাতে পারে বলে ব্লুমবার্গের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

কগনিশন গত বছর আরেক এআই কোডিং প্রতিষ্ঠান উইন্ডসার্ফের অবশিষ্ট সম্পদ অধিগ্রহণ করে আলোচনায় আসে। এর আগে গুগল ডিপমাইন্ড উইন্ডসার্ফের শীর্ষ কর্মকর্তাদের নিজেদের দলে টেনে নেয়।

এদিকে কগনিশন অধিগ্রহণের খবর অস্বীকার করলেও দুই প্রতিষ্ঠানের মধ্যে ভবিষ্যতে প্রযুক্তিগত সহযোগিতার সম্ভাবনা পুরোপুরি উড়িয়ে দেওয়া যাচ্ছে না। ব্লুমবার্গের দাবি, কগনিশন স্পেসএক্সের কম্পিউটিং সক্ষমতা ব্যবহারের বিষয়ে আলোচনা চালিয়ে যেতে পারে। স্পেসএক্স বর্তমানে নিজস্ব এআই অবকাঠামোর পাশাপাশি অন্যান্য এআই প্রতিষ্ঠানকেও কম্পিউটিং সক্ষমতা সরবরাহ করছে।

ফলে কগনিশন কেনার আলোচনা সত্যিই হয়েছিল কি না, তা নিয়ে এখনো ধোঁয়াশা রয়েছে। তবে কার্সর অধিগ্রহণের পর কগনিশনের মতো আরেকটি বড় এআই কোডিং প্রতিষ্ঠানের প্রতি স্পেসএক্সের আগ্রহের খবর প্রযুক্তি খাতে মাস্কের এআই পরিকল্পনার ব্যাপ্তি নিয়ে নতুন করে আলোচনা তৈরি করেছে।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন