Sunday, August 9, 2026

জ্বালানি তেল আমদানির খসড়া নীতিমালায় ‘বিশেষ সুবিধার সুযোগ নেই’: জ্বালানি বিভাগ


প্রতীকী ছবিঃ বাংলাদেশের লোগো (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক। ঢাকা

বেসরকারি পর্যায়ে পরিশোধিত জ্বালানি তেল আমদানি, সংরক্ষণ, পরিবহন, বিতরণ ও বিপণন নিয়ে তৈরি করা প্রস্তাবিত নীতিমালায় কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান বা গোষ্ঠীকে বিশেষ সুবিধা দেওয়ার সুযোগ নেই বলে জানিয়েছে জ্বালানি বিভাগ।

একই সঙ্গে নীতিমালাটি নিয়ে বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে অনুমাননির্ভর এবং অসত্য তথ্য প্রচার করা হচ্ছে বলেও অভিযোগ করেছে বিভাগটি।

শনিবার (৮ আগস্ট) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের উপপ্রধান তথ্য কর্মকর্তা মুহাম্মদ আরিফ সাদেকের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশে জ্বালানি তেলের নিরবচ্ছিন্ন ও নিরাপদ সরবরাহ নিশ্চিত করার লক্ষ্যেই ‘বেসরকারি পর্যায়ে পরিশোধিত জ্বালানি আমদানিপূর্বক সংরক্ষণ, পরিবহন, বিতরণ ও বিপণন নীতিমালা, ২০২৬’-এর খসড়া তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে।

জ্বালানি বিভাগের ভাষ্য, প্রস্তাবিত নীতিমালার মূল লক্ষ্য দেশের জ্বালানি নিরাপত্তা আরও শক্তিশালী করা এবং সরবরাহ ব্যবস্থায় ধারাবাহিকতা বজায় রাখা। একই সঙ্গে একটি স্বচ্ছ ও প্রতিযোগিতামূলক বাজার গড়ে তোলার মাধ্যমে জরুরি কিংবা সংকটকালীন পরিস্থিতিতে সরকারি ব্যবস্থার পাশাপাশি বেসরকারি খাতের অবকাঠামো ও বিনিয়োগ সক্ষমতাকে কাজে লাগানোর পরিকল্পনা রয়েছে।

বিভাগটি আরও জানিয়েছে, নীতিমালা চূড়ান্ত করার আগে জ্বালানি খাতের সংশ্লিষ্ট সব পক্ষের মতামত ও পরামর্শ নেওয়া হবে। জনস্বার্থ, জ্বালানি নিরাপত্তা, বাজারে প্রতিযোগিতা, স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিত করা সম্ভব হলেই নীতিমালা প্রণয়নের বিষয়টি চূড়ান্তভাবে বিবেচনা করা হবে।

এদিকে প্রস্তাবিত নীতিমালা নিয়ে সাম্প্রতিক সময়ে কিছু গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন ধরনের তথ্য ছড়িয়ে পড়ার বিষয়েও দৃষ্টি আকর্ষণ করেছে জ্বালানি বিভাগ। তাদের দাবি, এসব তথ্যের কিছু অংশ অনুমাননির্ভর এবং অসত্য, যা বিভ্রান্তি তৈরি করতে পারে।

এ ধরনের তথ্য প্রচারের ক্ষেত্রে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল আচরণ করার আহ্বান জানিয়েছে জ্বালানি বিভাগ। একই সঙ্গে নীতিমালা চূড়ান্ত হওয়ার আগে কোনো সিদ্ধান্তকে চূড়ান্ত হিসেবে না দেখার বিষয়েও সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানানো হয়েছে।

প্রস্তাবিত নীতিমালাটি বাস্তবায়িত হলে সংকটের সময়ে জ্বালানি তেলের সরবরাহ নিশ্চিতে বেসরকারি খাতের অংশগ্রহণ বাড়ানোর সুযোগ তৈরি হতে পারে। তবে এর আগে সংশ্লিষ্ট অংশীজনদের মতামত নিয়ে খসড়াটি পর্যালোচনা ও চূড়ান্ত করার প্রক্রিয়া সম্পন্ন হবে।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন