Thursday, May 7, 2026

জুস কেনাকে কেন্দ্র করে বাগেরহাটে মুদি দোকানদারকে কুপিয়ে হত্যা


প্রতীকী ছবিঃ কুপানোর (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক। বাগেরহাট

বাগেরহাটের চিতলমারী উপজেলায় জুস কেনাকে কেন্দ্র করে প্রকাশ্য দিবালোকে এক মুদি দোকানদারকে কুপিয়ে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার (৭ মে) সকাল ৭টার দিকে উপজেলার হিজলা পশ্চিমপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম মোজাহিদুল ইসলাম মোল্লা (৪৫)। তিনি ওই গ্রামের সরোয়ার মোল্লার ছেলে এবং স্থানীয় একটি মুদি দোকানের মালিক ছিলেন।

স্থানীয়দের বরাতে জানা যায়, সকালে দোকানে জুস কেনাকে কেন্দ্র করে মোজাহিদুল ইসলামের সঙ্গে প্রতিবেশী বাদশা শেখের ছেলে বায়োজিদ শেখের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে উত্তেজিত হয়ে বায়োজিদ ধারালো কাস্তে দিয়ে মোজাহিদুল ইসলামের ওপর হামলা চালান। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।

ঘটনার পর এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। ক্ষুব্ধ স্থানীয়রা অভিযুক্তের বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করেন এবং বায়োজিদ শেখকে মারধর করেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আহত অবস্থায় বায়োজিদকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার সঙ্গে জড়িত মূল অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে এবং এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে।

নিহত মোজাহিদুল ইসলামের মরদেহ ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন