Thursday, May 7, 2026

১১ বছর বয়সী মাদ্রাসাছাত্রীর অন্তঃসত্ত্বা ঘটনায় মাদ্রাসা শিক্ষক রিমান্ডে


প্রতীকী ছবিঃ ধর্ষণ (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক। নেত্রকোনা

নেত্রকোনার মদন উপজেলায় ১১ বছর বয়সী এক মাদ্রাসাছাত্রীর অন্তঃসত্ত্বা হওয়ার ঘটনায় করা মামলায় গ্রেপ্তার হওয়া মাদ্রাসাশিক্ষককে তিন দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। বৃহস্পতিবার (৭ মে) দুপুরে নেত্রকোনার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহসিনা ইসলাম এ আদেশ দেন।

মামলার তদন্তে ঘটনার বিস্তারিত উদঘাটনের জন্য আসামিকে সাত দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেছিল রাষ্ট্রপক্ষ। তবে শুনানি শেষে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন বলে নিশ্চিত করেছেন নেত্রকোনা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি নূরুল কবির।

তিনি জানান, বৃহস্পতিবার বেলা ১১টার দিকে আসামিকে আদালতে হাজির করা হয়। এ সময় রাষ্ট্রপক্ষ ঘটনার প্রকৃত সত্য উদঘাটনের স্বার্থে তাকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডে নেওয়ার আবেদন জানায়।

মামলার বিবরণ ও স্থানীয় সূত্রে জানা যায়, অভিযুক্ত শিক্ষক চার বছর আগে একটি কওমি মাদ্রাসা প্রতিষ্ঠা করেন। ভুক্তভোগী শিশুটি নানার বাড়িতে থেকে সেখানে পড়াশোনা করত। সম্প্রতি শারীরিক অসুস্থতা দেখা দিলে তাকে হাসপাতালে নেওয়া হয় এবং পরীক্ষায় তার অন্তঃসত্ত্বা হওয়ার বিষয়টি নিশ্চিত হয়।

এরপর গত ২৩ এপ্রিল শিশুটির মা বাদী হয়ে থানায় মামলা করেন। মামলার পর তদন্তে নামে আইনশৃঙ্খলা বাহিনী এবং গত মঙ্গলবার রাতে ময়মনসিংহের গৌরীপুর এলাকা থেকে র‌্যাব অভিযুক্ত শিক্ষককে গ্রেপ্তার করে।

রাষ্ট্রপক্ষ আদালতে আরও জানায়, ভুক্তভোগীর দেওয়া ২২ ধারার জবানবন্দিতে আসামির সম্পৃক্ততার বিষয়ে তথ্য পাওয়া গেছে। পাশাপাশি ভবিষ্যতে জন্ম নেওয়া শিশুর ডিএনএ পরীক্ষার আবেদনও জানানো হয়েছে।

এদিকে ঘটনায় চিকিৎসা প্রদানকারী একজন নারী চিকিৎসক হুমকি ও হয়রানির মুখে পড়েছেন বলে অভিযোগ উঠেছে। পুলিশ জানিয়েছে, বিষয়টি গুরুত্বসহকারে দেখা হচ্ছে এবং চিকিৎসকের নিরাপত্তা নিশ্চিত করতে নজরদারি বাড়ানো হয়েছে।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন