Tuesday, August 11, 2026

জুলাই স্মৃতি জাদুঘরের ভাস্কর্য অপসারণের দাবি হেফাজতের


ছবিঃ জুলাই স্মৃতি জাদুঘর ভাস্কর্য (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক। ঢাকা 

জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরে স্থাপিত ভাস্কর্য নিয়ে আপত্তি জানিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। সংগঠনটির নেতারা এসব ভাস্কর্যকে ইসলামী শরিয়তের পরিপন্থী উল্লেখ করে অবিলম্বে অপসারণের দাবি জানিয়েছেন।

সোমবার (১০ আগস্ট) এক যৌথ বিবৃতিতে হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির মাওলানা শাহ মুহিববুল্লাহ বাবুনগরী ও মহাসচিব মাওলানা সাজিদুর রহমান এ দাবি জানান।

বিবৃতিতে হেফাজতের নেতারা বলেন, ইসলামী শরিয়তের দৃষ্টিতে মানুষের ভাস্কর্য নির্মাণ অনুমোদিত নয়। কোনো ব্যক্তির রাজনৈতিক পরিচয় বা অবদান যত গুরুত্বপূর্ণই হোক, শরিয়তের বিধান উপেক্ষা করে ভাস্কর্য নির্মাণ করা গ্রহণযোগ্য হতে পারে না।

জুলাই গণঅভ্যুত্থানে অংশ নেওয়া আলেম ও ধর্মীয় মূল্যবোধে বিশ্বাসী মানুষের স্মৃতি সংরক্ষণের নামে তাদের অবয়বে ভাস্কর্য নির্মাণকে ‘বৈপরীত্য’ হিসেবে দেখছে সংগঠনটি। হেফাজতের নেতাদের দাবি, অতীতে ভাস্কর্য ও মূর্তি সংস্কৃতির বিরুদ্ধে আন্দোলনে অংশ নেওয়া আলেমদেরই অবয়ব এখন ভাস্কর্যে তুলে ধরা হলে তা তাদের আদর্শের সঙ্গে সাংঘর্ষিক হবে।

তারা বলেন, ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের শহীদ ও আন্দোলনকারীদের ত্যাগ জাতি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। তবে ইতিহাস সংরক্ষণের প্রক্রিয়ায় দেশের মানুষের ধর্মীয় অনুভূতি ও ইসলামী মূল্যবোধকে উপেক্ষা করা উচিত নয়।

ভাস্কর্যের পরিবর্তে ইতিহাস সংরক্ষণে দুটি বিকল্প প্রস্তাব দিয়েছে হেফাজতে ইসলাম। সংগঠনটির মতে, জাদুঘরে জুলাই গণঅভ্যুত্থানের লিখিত ইতিহাস, প্রামাণ্য দলিল, নথি ও অন্যান্য ঐতিহাসিক উপকরণ সংরক্ষণ করে প্রদর্শন করা যেতে পারে।

এ ছাড়া ২০১৩ সালের শাপলা চত্বর ও ২০২১ সালের মোদিবিরোধী আন্দোলনে আলেম ও তৌহিদি জনতার ওপর সংঘটিত হত্যাকাণ্ডসহ ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের ঘটনাবলি ও ত্যাগের ইতিহাস জাতীয় পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করার দাবি জানিয়েছে সংগঠনটি।

বিবৃতিতে হেফাজতের নেতারা ইসলামের ইতিহাসের উদাহরণ তুলে ধরে বলেন, মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর সাহাবিদের কোনো ভাস্কর্য ছিল না; তবে তাদের আদর্শ যুগের পর যুগ মানুষকে অনুপ্রাণিত করে আসছে।

এ অবস্থায় জুলাই স্মৃতি জাদুঘরে স্থাপিত ভাস্কর্যগুলো দ্রুত সরিয়ে নেওয়ার আহ্বান জানিয়ে হেফাজতের নেতারা বলেন, তাদের দাবি বাস্তবায়নে বিলম্ব হলে আলেম সমাজ ধর্মীয় বিশ্বাস ও নীতির প্রশ্নে নীরব থাকবে না।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন