Thursday, July 30, 2026

জিনের মাধ্যমে স্বর্ণ দ্বিগুণের ফাঁদ, চরফ্যাশনে প্রতারক চক্রের চার সদস্য গ্রেফতার


ছবিঃ ‘জিন’ হাজির করে স্বর্ণ দ্বিগুণের প্রলোভন, গ্রেফতার ৪ (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক।  ভোলা

জিন হাজির করে স্বর্ণালঙ্কার দ্বিগুণ করে দেওয়ার প্রলোভন দেখিয়ে মানুষের স্বর্ণ ও টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে একটি সংঘবদ্ধ প্রতারক চক্রের চার সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে প্রতারণার মাধ্যমে নেওয়া কিছু স্বর্ণালঙ্কার ও নগদ টাকা উদ্ধার করা হয়েছে।

সোমবার (২৭ জুলাই) বিকেলে ভোলার চরফ্যাশন উপজেলার দুলারহাট থানার নুরাবাদ এলাকায় স্থানীয়দের সহায়তায় চক্রের চার সদস্যকে আটক করে পুলিশ।

পুলিশ ও ভুক্তভোগী সূত্রে জানা গেছে, গত ৪ ফেব্রুয়ারি সকালে দুলারহাট থানার নুরাবাদ ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে মকবুল মুন্সির বাড়িতে ইয়ানুর বেগমের বসতঘরে প্রতারণার ঘটনা ঘটে। চক্রের সদস্যরা অলৌকিক উপায়ে জিন হাজির করে স্বর্ণালঙ্কার দ্বিগুণ করে দেওয়ার আশ্বাস দেয়।

তাদের কথায় বিশ্বাস করে এলাকার ১৭ নারী বিভিন্ন ওজনের মোট ১০ ভরি ১১ আনা স্বর্ণালঙ্কার চক্রটির সদস্যদের হাতে তুলে দেন। ওই স্বর্ণের আনুমানিক বাজারমূল্য প্রায় ১৫ লাখ ৪৬ হাজার টাকা। স্বর্ণালঙ্কার নেওয়ার পর প্রতারকরা দ্রুত সেখান থেকে চলে যান এবং পরে আত্মগোপনে থাকেন।

এরপর গত ২৭ জুলাই বিকেলে একই চক্রের সদস্যরা আবারও নতুন করে প্রতারণার উদ্দেশ্যে নুরাবাদ ৫ নম্বর ওয়ার্ড এলাকায় আসে বলে অভিযোগ রয়েছে। এ সময় আগের ঘটনায় ক্ষতিগ্রস্ত কয়েকজন নারী তাদের চিনতে পারেন। পরে স্থানীয়রা কৌশলে চক্রের চার সদস্যকে আটক করে পুলিশে খবর দেন।

খবর পেয়ে দুলারহাট থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে আটক চারজনকে হেফাজতে নেয় এবং পরে তাদের গ্রেফতার দেখানো হয়।

গ্রেফতাররা হলেন—দুলারহাট উপজেলার নুরাবাদ এলাকার মৃত আব্দুল লতিফের মেয়ে মোসা. রুমা (৩০), নাগর চৌকিদারের মেয়ে মোসা. মুক্তা (২৬), মৃত আব্দুল লতিফ ফরাজীর ছেলে মো. স্বপন ফরাজী (৫০) এবং স্বপন ফরাজীর ছেলে মো. আলামিন (২৬)।

পুলিশ জানায়, গ্রেফতারের পর আসামিদের দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে এক জোড়া স্বর্ণের রুলি, এক জোড়া স্বর্ণের ঝুমকা এবং নগদ ৫২ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। উদ্ধার করা স্বর্ণালঙ্কারের মধ্যে রুলির আনুমানিক মূল্য প্রায় দেড় লাখ টাকা বলে জানিয়েছে পুলিশ।

দুলারহাট থানা সূত্রে জানা গেছে, এ ঘটনায় ভুক্তভোগী একজনের লিখিত অভিযোগের ভিত্তিতে দণ্ডবিধির ৪০৬ ও ৪২০ ধারায় থানায় মামলা করা হয়েছে।

দুলারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াছিন আলম চৌধুরি বলেন, গ্রেফতার চারজনের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে। চক্রটির সঙ্গে জড়িত অন্য পলাতক সদস্যদের গ্রেফতার এবং বাকি স্বর্ণালঙ্কার উদ্ধারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন