- ১৮ জুন, ২০২৬
PNN নিউজ ডেস্ক। ঝালকাঠি
জননিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে ঝালকাঠি জেলায় ২৫ জন লাইসেন্সধারীর ৩৩টি আগ্নেয়াস্ত্রের লাইসেন্স বাতিল করেছে জেলা প্রশাসন। একইসঙ্গে সংশ্লিষ্ট অস্ত্র ও গুলি রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করার নির্দেশ দেওয়া হয়েছে।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, গত ৪ জুন জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন স্বাক্ষরিত এক অফিস আদেশে এই সিদ্ধান্ত নেওয়া হয়। বুধবার সংশ্লিষ্ট ব্যক্তিদের কাছে লাইসেন্স বাতিলের নোটিশ পৌঁছে দেওয়া হয়েছে।
অফিস আদেশে বলা হয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী গঠিত যাচাই-বাছাই কমিটির সুপারিশের ভিত্তিতে এবং প্রচলিত আইন ও নীতিমালার আলোকে এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। জননিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় লাইসেন্সগুলো বাতিল করা হয়েছে বলে উল্লেখ করা হয়।
লাইসেন্স বাতিল হওয়া ব্যক্তিদের মধ্যে রয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, সাবেক জনপ্রতিনিধি এবং ব্যবসায়ী। তালিকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও যুব লীগের একাধিক নেতাকর্মীর নাম রয়েছে। এছাড়া জাতীয় পার্টির একজন কেন্দ্রীয় নেতাসহ বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিও রয়েছেন।
জেলা প্রশাসনের প্রকাশিত তথ্য অনুযায়ী, বাতিল হওয়া লাইসেন্সের মধ্যে .২২ ও .৩২ বোরের পিস্তল, ১২ বোর শর্টগান এবং অন্যান্য আগ্নেয়াস্ত্র অন্তর্ভুক্ত রয়েছে। কয়েকজনের ক্ষেত্রে একাধিক অস্ত্রের লাইসেন্স বাতিল করা হয়েছে।
এ বিষয়ে জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতা এম এ কুদ্দুস খান বলেন, ব্যবসায়িক প্রয়োজনে নিয়মিত নগদ অর্থ বহন করতে হয় বলে তিনি বৈধভাবে অস্ত্রের লাইসেন্স নিয়েছিলেন। তার দাবি, রাজনৈতিক পরিচয়ের সঙ্গে বিষয়টি যুক্ত করে তার লাইসেন্স বাতিল করা হয়েছে, যা তিনি অন্যায্য মনে করেন।
অন্যদিকে জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন জানান, যাচাই-বাছাই কমিটির সর্বসম্মত মতামতের ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। বাতিল হওয়া লাইসেন্সের আওতাধীন অস্ত্র ও গুলি রাষ্ট্রীয় হেফাজতে নেওয়ার প্রক্রিয়াও সম্পন্ন করা হচ্ছে বলে তিনি জানান।
প্রশাসনের এ পদক্ষেপকে জেলার আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা জোরদারের অংশ হিসেবে দেখা হচ্ছে।