Sunday, August 9, 2026

জবিতে ভর্তি আবেদন শুরু ১৫ নভেম্বর, পরীক্ষা ১ জানুয়ারি থেকে


ছবিঃ জবি উপাচার্যের সভাপতিত্বে একাডেমিক কাউন্সিল (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক। ঢাকা

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২০২৬-২৭ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) ও বিবিএ প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার সময়সূচি চূড়ান্ত করা হয়েছে। আগামী ১৫ নভেম্বর দুপুর ১২টা থেকে অনলাইনে ভর্তি আবেদন শুরু হবে। আবেদন করা যাবে ১০ ডিসেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।

এবারও পাঁচটি ইউনিটে ভর্তি পরীক্ষা নেওয়া হবে। আগামী বছরের ১ জানুয়ারি থেকে শুরু হয়ে পরীক্ষা শেষ হবে ২৩ জানুয়ারি। সব ইউনিটের পরীক্ষা ঢাকায় অনুষ্ঠিত হবে।

রোববার (৯ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত একাডেমিক কাউন্সিলের ৮০তম সভায় ভর্তি পরীক্ষার সময়সূচি ও অন্যান্য বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। উপাচার্যের অফিস কনফারেন্স রুমে সভাটি অনুষ্ঠিত হয়।

বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, বিজ্ঞান ও লাইফ অ্যান্ড আর্থ সায়েন্স অনুষদভুক্ত ইউনিট-A, কলা ও আইন অনুষদভুক্ত ইউনিট-B, বিজনেস স্টাডিজ অনুষদভুক্ত ইউনিট-C, সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ইউনিট-D এবং চারুকলা অনুষদভুক্ত ইউনিট-E-এর মাধ্যমে ভর্তি পরীক্ষা নেওয়া হবে।

সব ইউনিটের পরীক্ষা সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। পরীক্ষার পদ্ধতি হবে বহুনির্বাচনী প্রশ্ন বা MCQ।

ভর্তি পরীক্ষার সূচি অনুযায়ী, ইউনিট-A-এর পরীক্ষা অনুষ্ঠিত হবে ২০২৭ সালের ১ জানুয়ারি। এরপর ৮ জানুয়ারি ইউনিট-E, ১৫ জানুয়ারি ইউনিট-B, ২২ জানুয়ারি ইউনিট-C এবং সর্বশেষ ২৩ জানুয়ারি ইউনিট-D-এর পরীক্ষা অনুষ্ঠিত হবে।

ভর্তি পরীক্ষায় অংশ নিতে শিক্ষার্থীদের ২০২৩ অথবা ২০২৪ সালে এসএসসি বা সমমান এবং ২০২৬ সালে এইচএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

ইউনিট-A-তে আবেদন করতে এসএসসি ও এইচএসসি বা সমমান পরীক্ষায় মোট জিপিএ কমপক্ষে ৭.০০ থাকতে হবে। তবে কোনো একটি পরীক্ষায় জিপিএ ৩.০০-এর নিচে হলে আবেদন করা যাবে না।

ইউনিট-B-এর ক্ষেত্রে দুই পরীক্ষায় মোট জিপিএ কমপক্ষে ৬.০০ থাকতে হবে। পাশাপাশি কোনো একটি পরীক্ষায় জিপিএ ২.৭৫-এর কম হলে আবেদনযোগ্যতা থাকবে না।

ইউনিট-C-তে আবেদনের জন্য এসএসসি ও এইচএসসি বা সমমান পরীক্ষায় মোট জিপিএ ন্যূনতম ৬.৫০ প্রয়োজন। কোনো একটি পরীক্ষায় জিপিএ ৩.০০-এর কম হলে আবেদন করা যাবে না।

ইউনিট-D-এর ক্ষেত্রে দুই পরীক্ষায় মোট জিপিএ কমপক্ষে ৬.০০ থাকতে হবে এবং কোনো পরীক্ষায় জিপিএ ২.৭৫-এর নিচে থাকা যাবে না।

অন্যদিকে চারুকলা অনুষদভুক্ত ইউনিট-E-তে আবেদনের জন্য দুই পরীক্ষায় মোট জিপিএ কমপক্ষে ৫.৫০ থাকতে হবে। কোনো একটি পরীক্ষায় জিপিএ ২.৫০-এর কম হলে আবেদন করা যাবে না।

নতুন শিক্ষাবর্ষের একাডেমিক কার্যক্রম শুরুর তারিখও নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আগামী ৪ এপ্রিল ২০২৭ থেকে ২০২৬-২৭ শিক্ষাবর্ষের স্নাতক ও বিবিএ প্রথম বর্ষের ক্লাস শুরু হবে।

ভর্তি কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করতে কেন্দ্রীয় ভর্তি কমিটি ও ইউনিটভিত্তিক ভর্তি কমিটি গঠন করা হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, নির্ধারিত সময় অনুযায়ী আবেদন গ্রহণ, ভর্তি পরীক্ষা ও পরবর্তী ভর্তি কার্যক্রম পরিচালনার জন্য প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হবে।

একাডেমিক কাউন্সিলের সভায় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগের চেয়ারম্যান, বিভিন্ন ইনস্টিটিউটের পরিচালক, বহিঃসদস্য ও সংশ্লিষ্ট শিক্ষকরা উপস্থিত ছিলেন। সভাটি সঞ্চালনা করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিন।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন