- ২৫ ফেব্রুয়ারি, ২০২৬
PNN নিউজ ডেস্ক। ঢাকা
জাতীয় শহীদ সেনা দিবস উপলক্ষে রাজধানীর বনানী সামরিক কবরস্থান–এ শহীদ সেনা কর্মকর্তাদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার সকাল ১০টার পর তারা পৃথকভাবে কবরস্থানে উপস্থিত হয়ে পুষ্পস্তবক অর্পণ করেন।
শ্রদ্ধা নিবেদনের পর রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থেকে শহীদদের স্মৃতির প্রতি সম্মান জানান। এ সময় সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল সামরিক কায়দায় গার্ড অব অনার প্রদান করে এবং বিউগলে করুণ সুর বেজে ওঠে। পরে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাতে অংশ নেন তারা।
আজ ২৫ ফেব্রুয়ারি, জাতীয় শহীদ সেনা দিবস। ২০০৯ সালের এই দিনে ঢাকার পিলখানায় তৎকালীন সীমান্তরক্ষী বাহিনী বাংলাদেশ রাইফেলস (বর্তমানে বর্ডার গার্ড বাংলাদেশ) সদর দপ্তরে বিদ্রোহের ঘটনায় মর্মান্তিক হত্যাকাণ্ড সংঘটিত হয়। বিদ্রোহের নামে নৃশংসভাবে হত্যা করা হয় বাহিনীর তৎকালীন মহাপরিচালক মেজর জেনারেল সাকিল আহমেদসহ ৫৭ জন সেনা কর্মকর্তাকে। এ ঘটনায় সাকিল আহমেদের স্ত্রীসহ কয়েকজন বেসামরিক নাগরিকও প্রাণ হারান। পরদিনও সহিংসতা অব্যাহত ছিল।
দিনটি উপলক্ষে বিভিন্ন সামরিক ও বেসামরিক সংগঠনও পৃথক কর্মসূচির মাধ্যমে শহীদদের স্মরণ করছে। রাষ্ট্রীয়ভাবে এই দিনটি পালনের মাধ্যমে শহীদ সেনা কর্মকর্তাদের আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানানো হয়।