- ০৮ মে, ২০২৬
PNN নিউজ ডেস্ক। চট্টগ্রাম
চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস ইউনিভার্সিটির (সিভাসু) অধ্যাপক ড. জাকিয়া সুলতানা জুথি বিরল মশাবাহিত রোগ জাপানিজ এনসেফালাইটিসে আক্রান্ত হয়ে মারা গেছেন। অল্প কয়েক দিনের অসুস্থতায় মেধাবী এই গবেষকের মৃত্যুতে বিশ্ববিদ্যালয় অঙ্গন ও চিকিৎসা মহলে শোকের ছায়া নেমে এসেছে।
পারিবারিক সূত্রে জানা গেছে, গত ৪ মে সামান্য জ্বর, তীব্র মাথাব্যথা ও বমির উপসর্গ নিয়ে অসুস্থ হয়ে পড়েন ড. জুথি। শারীরিক অবস্থার অবনতি হলে প্রথমে তাকে চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার আরও অবনতি ঘটলে তাকে এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়।
চিকিৎসকরা জানান, হাসপাতালে ভর্তির কিছু সময়ের মধ্যেই তার মস্তিষ্কে একাধিক স্ট্রোক বা রক্তক্ষরণের ঘটনা ঘটে। এভারকেয়ার হাসপাতালে নেওয়ার পথে তিনি কার্ডিয়াক অ্যারেস্টে আক্রান্ত হন। পরে চিকিৎসকরা তাকে ক্লিনিক্যালি ব্রেইন ডেড ঘোষণা করেন। নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় শেষ পর্যন্ত তার মৃত্যু হয়।
বিশেষজ্ঞদের ধারণা, কিউলেক্স মশার মাধ্যমে ছড়ানো জাপানিজ এনসেফালাইটিস ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন তিনি। এই ভাইরাস মানবদেহের স্নায়ুতন্ত্র ও মস্তিষ্কে গুরুতর সংক্রমণ সৃষ্টি করতে পারে। চিকিৎসকদের মতে, ভাইরাসজনিত জটিলতার কারণেই তার মস্তিষ্কে একাধিক স্ট্রোক হয়েছিল।
স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, জাপানিজ এনসেফালাইটিস তুলনামূলকভাবে বিরল হলেও এটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ রোগ। সময়মতো শনাক্ত ও চিকিৎসা না হলে রোগীর অবস্থা দ্রুত সংকটাপন্ন হয়ে উঠতে পারে।
ড. জাকিয়া সুলতানা জুথি ছিলেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ২০০৭-০৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। উচ্চশিক্ষার জন্য তিনি জাপানের হিরোশিমা বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি এবং কিউশু বিশ্ববিদ্যালয় থেকে পোস্টডক সম্পন্ন করেন। দেশে ফিরে তিনি সিভাসুর ফুড সায়েন্স অ্যান্ড টেকনোলজি অনুষদে অধ্যাপনা ও গবেষণায় যুক্ত ছিলেন। চলতি বছরের শুরুতেই তিনি অধ্যাপক পদে পদোন্নতি পান।
তার স্বামী অধ্যাপক ড. শাহরিয়ার হাসেম অর্ণব বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। ব্যক্তিগত জীবনে তিনি পাঁচ বছর বয়সী এক সন্তানের মা ছিলেন।
ড. জুথির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সিভাসুর উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ লুৎফুর রহমান। বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে তার পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়েছে।