Saturday, July 4, 2026

জামায়াতের রাজনৈতিক লক্ষ্য দেশের বর্তমান বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়: মির্জা ফখরুল


ছবিঃ ঠাকুরগাঁও জেলা বিএনপির দলীয় কার্যালয়ে আয়োজিত দলটির এক বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপি মহাসচিব এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক। ঠাকুরগাঁও 

বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি নির্দিষ্ট আদর্শ ও লক্ষ্যকে কেন্দ্র করে পরিচালিত রাজনৈতিক দল। তার দাবি, দলটি গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থার পরিবর্তে শরিয়াহভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার যে লক্ষ্য সামনে রেখেছে, তা দেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতা এবং জনগণের প্রত্যাশার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।

শুক্রবার সন্ধ্যায় ঠাকুরগাঁও জেলা বিএনপির কার্যালয়ে আয়োজিত দলের বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব মন্তব্য করেন।

সম্প্রতি ‘জুলাই সনদ’ বাস্তবায়ন নিয়ে জামায়াতে ইসলামীর সমালোচনার প্রসঙ্গ টেনে মির্জা ফখরুল বলেন, ওই সনদে কোন বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্য হয়েছে এবং কোন বিষয়ে মতপার্থক্য রয়েছে, তা স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে। একই সঙ্গে নির্বাচনে জনগণের রায় পাওয়া রাজনৈতিক দল তাদের নির্বাচনি অঙ্গীকার ও জনম্যান্ডেটের ভিত্তিতে সনদের বিষয়গুলো বাস্তবায়ন করবে বলেও সেখানে উল্লেখ রয়েছে।

তিনি আরও বলেন, জনগণের দেওয়া ম্যান্ডেট অনুযায়ী বিএনপি সরকার নির্বাচনি ইশতেহার বাস্তবায়নের পাশাপাশি জুলাই সনদে থাকা প্রতিশ্রুতিগুলোও ধাপে ধাপে বাস্তবায়নের উদ্যোগ নিচ্ছে।

সংবিধান সংস্কার প্রসঙ্গে বিএনপি মহাসচিব বলেন, এ বিষয়ে সংসদীয় প্রক্রিয়ায় অংশ নিয়ে মতামত দেওয়ার সুযোগ থাকা সত্ত্বেও জামায়াতে ইসলামী সেই পথ অনুসরণ না করে রাজপথে আন্দোলনের কর্মসূচি বেছে নিয়েছে। তার ভাষ্য অনুযায়ী, এ ধরনের কর্মসূচিতে সাধারণ মানুষের উল্লেখযোগ্য অংশগ্রহণ দেখা যাচ্ছে না।

বর্ধিত সভায় ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সাল আমিন, সাধারণ সম্পাদক পয়গাম আলীসহ জেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন