- ১৭ আগস্ট, ২০২৬
PNN নিউজ ডেস্ক। ঢাকা
জামায়াতে ইসলামী বিরোধীদল হিসেবে আওয়ামী লীগের মতোই আচরণ করছে বলে অভিযোগ করেছেন বিএনপি নেতা ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান। তার দাবি, জামায়াত ভবিষ্যতে রাষ্ট্রক্ষমতায় গেলে ভিন্নমতের রাজনৈতিক কর্মকাণ্ডের ন্যূনতম সুযোগও থাকবে না।
রোববার (১৬ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন।
জামায়াত-শিবিরের সাম্প্রতিক কর্মকাণ্ডের সমালোচনা করে রাশেদ খান বলেন, পারিপার্শ্বিক পরিস্থিতি দেখে তার মনে হচ্ছে সংগঠনটি ‘জালিম সংগঠনে’ পরিণত হয়েছে। কুষ্টিয়ায় গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের ওপর হামলা এবং পরে দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে শক্তি প্রদর্শনের অভিযোগ তুলে তিনি জামায়াত-শিবিরের সমালোচনা করেন।
রাশেদ খান বলেন, অতীতে বিরোধী দলগুলোকে মজলুম ও তুলনামূলক বিনয়ী অবস্থানে দেখা গেলেও প্রধান বিরোধীদল হওয়ার পর জামায়াত আওয়ামী লীগের বিভিন্ন বৈশিষ্ট্য ধারণ করেছে। ভবিষ্যতে দলটি ক্ষমতায় গেলে ভিন্নমতের মানুষ রাজনৈতিক পরিসর পাবে না বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি।
গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের জামায়াতের বিরুদ্ধে অবস্থান নেওয়ার জন্য ধন্যবাদ জানান রাশেদ খান। বিশেষ করে দলটির সভাপতি নুরুল হক নুর ও সাধারণ সম্পাদক হাসান আল মামুনের প্রশংসা করে তিনি বলেন, জামায়াতমুখী করার চেষ্টা করা নেতাদের বিষয়ে তারা সতর্ক অবস্থান নিয়েছেন।
তার দাবি, জামায়াত-শিবিরের রাজনৈতিক কর্মকাণ্ড নিয়ে গণঅধিকার পরিষদ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে এখন সচেতনতা তৈরি হয়েছে। দেশের বিভিন্ন স্থানে তাদের প্রতিবাদকে স্বাগত জানান তিনি।
গণঅধিকার পরিষদের নেতাদের জামায়াতের পক্ষে বক্তব্য না দেওয়ার আহ্বান জানিয়ে রাশেদ খান বলেন, ভবিষ্যতে টকশো কিংবা রাজনৈতিক বক্তব্যে কেউ যেন জামায়াতের পক্ষে অবস্থান নিয়ে কথা না বলেন।
জামায়াতের মহাসচিবের বক্তব্যেরও সমালোচনা করেন তিনি। গণঅধিকার পরিষদকে নিয়ে জামায়াতের মহাসচিবের সাম্প্রতিক বক্তব্যের নিন্দা জানিয়ে রাশেদ খান বলেন, এ ধরনের বক্তব্য রাজনৈতিকভাবে গ্রহণযোগ্য নয়।
দেশের গণতান্ত্রিক আন্দোলনে গণঅধিকার পরিষদের ভূমিকার কথা তুলে ধরে তিনি দাবি করেন, ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে জামায়াতের তুলনায় গণঅধিকার পরিষদের অবদান বেশি। তার ভাষ্য, জামায়াত যখন রাজনৈতিকভাবে আড়ালে ছিল, তখন গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা রাজপথে সক্রিয় ছিলেন।
একই সঙ্গে জামায়াতের বর্তমান রাজনৈতিক অবস্থান নিয়েও প্রশ্ন তোলেন বিএনপির এই নেতা। তিনি বলেন, সাম্প্রতিক কর্মকাণ্ডে জামায়াত এমনভাবে নিজেদের উপস্থাপন করছে যেন দেশের সব রাজনৈতিক আন্দোলনের নেতৃত্ব তারাই দিয়েছে। তবে ইতিহাসের বাস্তবতা পরিবর্তন করা সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি।