Monday, August 17, 2026

ছয় মাসেই বিএনপি সরকারের প্রতি মানুষের স্বপ্ন ভেঙেছে: এবি পার্টি


ছবিঃ বক্তব্য রাখছেন ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক। ঢাকা 

বিএনপি সরকারের প্রথম ছয় মাসের কর্মকাণ্ডে জনগণের প্রত্যাশা ভেঙে চরম হতাশা তৈরি হয়েছে বলে অভিযোগ করেছে আমার বাংলাদেশ (এবি) পার্টি। দলটির নেতারা বলেছেন, ‘৩১ দফা রাষ্ট্র মেরামত’, ‘সবার আগে বাংলাদেশ’ ও ‘উই হ্যাভ এ প্ল্যান’-এর মতো প্রতিশ্রুতি দেওয়া হলেও বাস্তবে দলীয়করণ, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বিদ্যুৎ ও গ্যাস সংকট, ক্যাম্পাসে সহিংসতা এবং অর্থনৈতিক অনিশ্চয়তা বেড়েছে।

সোমবার (১৭ আগস্ট) রাজধানীর বিজয়নগরে দলের কেন্দ্রীয় কার্যালয়ে ‘সরকারের ছয় মাস: প্রতিশ্রুতি বনাম বাস্তবতা! জনগণের সামনে পূর্ণাঙ্গ খতিয়ান’ শীর্ষক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করা হয়। সংবাদ সম্মেলনে বক্তব্য দেন এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু ও সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ।

মজিবুর রহমান মঞ্জু বলেন, নির্বাচিত সরকারের ছয় মাসের সময়কে চূড়ান্ত সফলতা বা ব্যর্থতার মানদণ্ড হিসেবে বিবেচনা করা ঠিক নয়। তবে অন্তর্বর্তীকালীন সরকারের সময়ের তুলনায় বর্তমান পরিস্থিতি আরও খারাপ হয়েছে বলে তিনি দাবি করেন। বিশেষ করে বিদ্যুৎ ও জ্বালানি ব্যবস্থাপনায় সরকারের ব্যর্থতা মানুষের দুর্ভোগ বাড়িয়েছে।

তিনি অভিযোগ করেন, জীবনযাত্রার ব্যয় বাড়লেও মানুষের জীবনমান সেই অনুপাতে উন্নত হয়নি। প্রশাসনের বিভিন্ন নিয়োগে দলীয়করণ এবং ক্যাম্পাসে সহিংসতার ঘটনায় সরকারের সুশাসন নিয়ে প্রশ্ন উঠেছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে সাধারণ মানুষের জীবনযাপন কঠিন হয়ে পড়েছে। বিদ্যুৎ ও গ্যাস সংকটের কারণে অনেক শিল্পকারখানা বন্ধ হয়ে যাওয়ায় কর্মসংস্থানের পরিবর্তে বেকারত্ব আরও বাড়ছে বলেও দাবি করেন তিনি।

জ্বালানি সংকট সমাধানে রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিদের নিয়ে আলোচনায় বসার প্রস্তাব দেওয়া হলেও সরকার তা আমলে নেয়নি বলে অভিযোগ করেন মঞ্জু। তার ভাষ্য, সরকারের বর্তমান কর্মকাণ্ড অব্যাহত থাকলে বিরোধী দলের আন্দোলনের প্রয়োজন হবে না; জনদুর্ভোগে অতিষ্ঠ মানুষই একসময় রাস্তায় নামতে বাধ্য হবে।

এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেন, দেশে রাজনৈতিক সহিংসতার সংস্কৃতি আবারও ফিরে আসছে, যা প্রত্যাশিত ছিল না। তবে সরকারের রাজনৈতিক সহনশীলতা এখনো বজায় রয়েছে এটিকে তিনি ইতিবাচক দিক হিসেবে উল্লেখ করেন এবং পুরো মেয়াদে তা ধরে রাখার আহ্বান জানান।

বিএনপির ঘোষিত ৩১ দফা নিয়েও সরকারের সমালোচনা করেন ফুয়াদ। তিনি বলেন, গণভোটের বিষয়টি নিয়ে বিএনপি চাপিয়ে দেওয়ার অভিযোগ করলেও ৩১ দফা তাদের নিজেদের ঘোষিত কর্মসূচি। অথচ ওই দফার বেশ কয়েকটি প্রতিশ্রুতি এরই মধ্যে উপেক্ষা করা হয়েছে বলে তিনি দাবি করেন।

ক্রীড়াঙ্গনকে দলীয় প্রভাবমুক্ত রাখা, বিচার বিভাগ ও দুর্নীতি দমন কমিশন পুনর্গঠনসহ বিভিন্ন প্রতিশ্রুতি বাস্তবায়ন হয়নি বলেও অভিযোগ করেন এবি পার্টির এই নেতা। তার দাবি, ছয় মাসের মধ্যেই বিএনপি তাদের ঘোষিত ৩১ দফার উল্লেখযোগ্য অংশ ভুলে গেছে।

গুম ও মানবাধিকার প্রসঙ্গে ফুয়াদ অভিযোগ করেন, অন্তর্বর্তীকালীন সরকারের সময় জারি করা সংশ্লিষ্ট অধ্যাদেশ বাতিল করে অপেক্ষাকৃত দুর্বল আইন করা হয়েছে। গুমের ঘটনায় অভিযুক্ত ব্যক্তিদেরই তদন্তের সুযোগ দেওয়া হয়েছে বলেও তিনি দাবি করেন।

জ্বালানি খাত বেসরকারীকরণের প্রসঙ্গে তিনি বলেন, সংসদে নীতিমালা প্রণয়ন ছাড়া এ খাতকে বেসরকারীকরণ করা উচিত নয়। এবি পার্টি বেসরকারীকরণের নীতিগত বিরোধী নয়, তবে পুরো প্রক্রিয়াটি স্বচ্ছ ও জবাবদিহিমূলক হওয়া প্রয়োজন।

সংবাদ সম্মেলনে দলের যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, এনইসি সদস্য ব্যারিস্টার আব্বাস ইসলাম খান নোমানসহ কেন্দ্রীয় ও মহানগর পর্যায়ের বিভিন্ন নেতারা উপস্থিত ছিলেন।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন