- ২৫ ফেব্রুয়ারি, ২০২৬
PNN নিউজ ডেস্ক। ঢাকা
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়–এ ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি কার্যক্রমের প্রথম ধাপ শেষ হলেও উল্লেখযোগ্যসংখ্যক আসন এখনো পূরণ হয়নি। বিশ্ববিদ্যালয়ের মোট ১ হাজার ৮৪২টি আসনের মধ্যে ১ হাজার ১০৯টি আসন ফাঁকা রয়েছে।
বিশ্ববিদ্যালয়ের প্রকাশিত শূন্য আসনের তালিকা ও ভর্তি-সংক্রান্ত তথ্য বিশ্লেষণে দেখা যায়, বিভিন্ন ইউনিটে আসন খালি থাকলেও ‘এ’ ইউনিটে তুলনামূলক বেশি আসন অব্যবহৃত রয়েছে। প্রথম মেধাতালিকা থেকে ভর্তি সম্পন্নের সময়সীমা শেষ হওয়ার পরও কাঙ্ক্ষিতসংখ্যক শিক্ষার্থী চূড়ান্ত ভর্তি নিশ্চিত করেননি।
বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, শূন্য আসন পূরণের লক্ষ্যে আগামী ২৬ ফেব্রুয়ারি দ্বিতীয় মেধাতালিকা প্রকাশ করা হবে। দ্বিতীয় তালিকায় স্থান পাওয়া শিক্ষার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্টার (শিক্ষা) ও ভর্তি পরীক্ষা কমিটির সদস্যসচিব সৈয়দ মোহাম্মদ আলী রেজা বলেন, চলতি সময়ে একাধিক পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা ও ভর্তি কার্যক্রম একসঙ্গে চলায় অনেক শিক্ষার্থী চূড়ান্ত সিদ্ধান্ত নিতে সময় নিচ্ছেন। ফলে প্রথম ধাপে তুলনামূলক কমসংখ্যক শিক্ষার্থী ভর্তি সম্পন্ন করেছেন।
বিশ্ববিদ্যালয় প্রশাসন আশা করছে, দ্বিতীয় ও পরবর্তী ধাপের মেধাতালিকা প্রকাশের মাধ্যমে অধিকাংশ শূন্য আসন দ্রুত পূরণ হবে।