Thursday, August 20, 2026

ইতিহাসে আটকে না থেকে এগিয়ে যাওয়ার আহ্বান বিরোধীদলীয় নেতার


ফাইল ছবিঃ বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক। ঢাকা 

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে বিরোধীদলীয় নেতা ও শফিকুর রহমান সরকারকে ইতিহাসের বিতর্কে সীমাবদ্ধ না থেকে বাস্তব উন্নয়নমূলক কাজের দিকে মনোযোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, অতীত থেকে শিক্ষা নেওয়া জরুরি হলেও সেখানে আটকে থাকলে নতুন ইতিহাস সৃষ্টি সম্ভব নয়।

বৃহস্পতিবার অধিবেশনে প্রায় ৪৩ মিনিটের সমাপনী বক্তব্যে তিনি এ কথা বলেন। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

বিরোধীদলীয় নেতা অভিযোগ করেন, চলমান অধিবেশনের অধিকাংশ সময় ইতিহাস নিয়ে আলোচনা হয়েছে, যা দেশের জরুরি সমস্যাগুলোকে আড়াল করেছে। তিনি তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন, কৃষকদের ন্যায্যমূল্য নিশ্চিত করা এবং অবকাঠামোগত উন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন।

তিনি বলেন, কৃষকরা মধ্যস্বত্বভোগীদের কারণে ন্যায্য মূল্য পাচ্ছেন না। গ্রামে কম দামে বিক্রি হওয়া পণ্য শহরে কয়েকগুণ বেশি দামে বিক্রি হচ্ছে—এ অবস্থার পরিবর্তনে সরকারি উদ্যোগ প্রয়োজন।

পররাষ্ট্রনীতি প্রসঙ্গে তিনি স্বাধীন অবস্থান বজায় রাখার ওপর জোর দেন। বিশ্ব রাজনীতির প্রেক্ষাপটে অন্যায়ের বিরুদ্ধে অবস্থান নেওয়া উচিত উল্লেখ করে তিনি বলেন, দেশের স্বার্থ রক্ষায় কারও প্রভাবের বাইরে থেকে সিদ্ধান্ত নিতে হবে।

সংবিধান নিয়ে বক্তব্যে শফিকুর রহমান বলেন, তার দল আইন মান্যকারী এবং সাংবিধানিক কাঠামোর ভেতরেই রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করে। সংবিধানের কিছু বিষয় নিয়ে মতভেদ থাকলেও তা পরিবর্তনের জন্য গণতান্ত্রিক আন্দোলনের পথেই এগোতে চান তারা।

তিনি আরও বলেন, দেশে চাঁদাবাজি, সন্ত্রাস ও দলীয়করণের কারণে সাধারণ মানুষের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে। শিক্ষাঙ্গনে সহিংসতা বন্ধ এবং একটি নিরাপদ পরিবেশ নিশ্চিত করার দাবি জানান তিনি।

শিক্ষা ও স্বাস্থ্য খাতে বরাদ্দ বাড়ানোর আহ্বান জানিয়ে বিরোধীদলীয় নেতা বলেন, গবেষণায় বিনিয়োগ বাড়ানো জরুরি। একই সঙ্গে মেধা ও যোগ্যতার ভিত্তিতে রাষ্ট্র পরিচালনার ওপর গুরুত্ব দেন তিনি।

সমাপনী বক্তব্যে তিনি বলেন, এই সংসদের দিকে দেশের পাশাপাশি প্রবাসীরাও তাকিয়ে রয়েছে। তাই জনগণের প্রত্যাশা পূরণে সরকার ও বিরোধী দলকে একসঙ্গে কাজ করতে হবে।

বিরোধীদলীয় নেতা রাজনৈতিক প্রতিহিংসা পরিহার করে জাতীয় স্বার্থে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান এবং জনগণের অধিকার রক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার কথা বলেন।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন