- ২০ আগস্ট, ২০২৬
স্টাফ রিপোর্ট: PNN
দ্বিতীয়বার মা হওয়ার খবর জানানোয় ‘ইন্ডিয়ান আইডল’-এর পঞ্চম মৌসুমে সঞ্চালকের দায়িত্ব হারিয়েছিলেন ভারতের জনপ্রিয় টেলিভিশন উপস্থাপক ও অভিনেত্রী মিনি মাথুর। সম্প্রতি নিজের ক্যারিয়ারের সেই তিক্ত অভিজ্ঞতার কথা জানিয়েছেন তিনি।
‘হটারফ্রাই’-এর ‘দ্য মেল ফেমিনিস্ট’ অনুষ্ঠানে নিজের পেশাজীবনের নানা বিষয় নিয়ে কথা বলার সময় মিনি জানান, ‘ইন্ডিয়ান আইডল’-এর চতুর্থ মৌসুম শেষ হওয়ার পর তিনি জানতে পারেন, দ্বিতীয় সন্তান সাইরাহর মা হতে যাচ্ছেন।
পঞ্চম মৌসুমের প্রস্তুতি শুরুর সময় আয়োজকদের বিষয়টি নিজেই জানিয়েছিলেন মিনি। তাঁর ধারণা ছিল, অনুষ্ঠানের অডিশন পর্বে তিনি স্বাভাবিকভাবেই কাজ করতে পারবেন। তবে প্রতিযোগিতার চূড়ান্ত পর্বের সময় তাঁর গর্ভাবস্থা দৃশ্যমান হয়ে উঠবে এ বিষয়টিও তিনি আগেই প্রযোজনা দলকে জানিয়েছিলেন।
কিন্তু তাঁর সেই সিদ্ধান্তই শেষ পর্যন্ত সঞ্চালকের দায়িত্ব হারানোর কারণ হয়ে দাঁড়ায়। মিনি জানান, তাঁকে জানানো হয়েছিল পঞ্চম মৌসুমে আর উপস্থাপকের ভূমিকায় রাখা হবে না। এর পেছনে যে যুক্তি দেওয়া হয়েছিল, সেটি তাঁকে আরও হতাশ করেছিল।
মিনির ভাষ্য অনুযায়ী, তাঁকে বলা হয়েছিল, ভারতীয় দর্শক নাকি একজন গর্ভবতী নারীকে অনুষ্ঠান সঞ্চালনা করতে দেখতে স্বস্তিবোধ করবেন না। বিষয়টি তাঁর কাছে অত্যন্ত হতাশাজনক মনে হয়েছিল।
অভিনেত্রী বলেন, ওই ঘটনায় তাঁর মনে হয়েছিল, সমাজ ও দর্শকের মানসিকতায় যে পরিবর্তন আসছে, সংশ্লিষ্ট ব্যক্তিরা হয়তো সেটি উপলব্ধি করতে পারেননি। নিজের অবস্থান নিয়ে আপস না করে তিনি পরিস্থিতিটিকে মেনে নেন।
এরপর ‘ইন্ডিয়ান আইডল’-এর ষষ্ঠ মৌসুমে আবারও তাঁকে ফেরার প্রস্তাব দেওয়া হয়। তবে তত দিনে অনুষ্ঠানের প্রতি তাঁর আগের আগ্রহ আর ছিল না। তাই এবার তিনি নিজেই প্রস্তাবটি ফিরিয়ে দেন।
মিনি মাথুরের টেলিভিশন ক্যারিয়ারের অন্যতম বড় পরিচিতি ‘ইন্ডিয়ান আইডল’-এর সঞ্চালক হিসেবে। ‘টল মল কে বোল’ অনুষ্ঠানের মাধ্যমে টেলিভিশনে যাত্রা শুরু করার পর এমটিভির ভিডিও জকি হিসেবেও কাজ করেন তিনি। পরে ‘ইন্ডিয়ান আইডল’-এর সঞ্চালক হিসেবে ব্যাপক জনপ্রিয়তা পান।
টেলিভিশনের পাশাপাশি ওয়েব সিরিজ ও চলচ্চিত্রেও অভিনয় করেছেন মিনি। ‘মাইন্ড দ্য মালহোত্রাস’ তাঁর উল্লেখযোগ্য কাজগুলোর একটি।
ব্যক্তিজীবনে পরিচালক ও চিত্রনাট্যকার কবির খানের সঙ্গে তাঁর দীর্ঘ দাম্পত্য। কাজের সূত্রেই তাঁদের পরিচয়। একটি অনুষ্ঠানের শুটিংয়ে প্রথম দেখা হওয়ার পর ভারতের বিভিন্ন স্থানে একসঙ্গে কাজ করতে গিয়ে তাঁদের সম্পর্ক ঘনিষ্ঠ হয়।