Thursday, August 20, 2026

চাঁদপুরে নাসীরুদ্দীন পাটওয়ারীকে অবাঞ্ছিত ঘোষণা বিএনপির


ফাইল ছবিঃ নাসীরুদ্দীন পাটওয়ারী (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক। চাঁদপুর

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীকে নিজ জেলা চাঁদপুরে অবাঞ্ছিত ঘোষণা করেছে বিএনপি ও দলটির অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।

বুধবার (১৯ আগস্ট) বিকেলে চাঁদপুর শহরে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশে এ ঘোষণা দেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সলিম উল্লাহ সেলিম।

বিএনপির শীর্ষ নেতাদের নিয়ে নাসীরুদ্দীন পাটওয়ারীর দেওয়া বক্তব্যকে ‘অশালীন’ ও রাজনৈতিক শিষ্টাচারবহির্ভূত দাবি করে তাঁর বিরুদ্ধে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান বিএনপি নেতারা।

সমাবেশে সলিম উল্লাহ সেলিম বলেন, বিএনপির চেয়ারম্যান তারেক রহমান, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসসহ দলের জ্যেষ্ঠ নেতাদের নিয়ে নাসীরুদ্দীন পাটওয়ারী যে ধরনের মন্তব্য করেছেন, তা রাজনৈতিক সৌজন্যের মধ্যে পড়ে না। এ ধরনের বক্তব্যের প্রতিবাদ জানিয়ে তাঁকে চাঁদপুরে অবাঞ্ছিত ঘোষণা করা হচ্ছে।

তিনি বলেন, রাজনৈতিক মতপার্থক্য থাকতেই পারে। তবে ভিন্নমত প্রকাশের সময় রাজনৈতিক শিষ্টাচার ও সৌজন্য বজায় রাখা প্রয়োজন। ব্যক্তিগত আক্রমণ কিংবা অশালীন বক্তব্যের পরিবর্তে যুক্তিনির্ভর ও গঠনমূলক সমালোচনার মাধ্যমে রাজনৈতিক বিতর্ক পরিচালনার আহ্বান জানান তিনি।

সমাবেশে বক্তারা জামায়াতে ইসলামীকেও প্রত্যাখ্যান করার আহ্বান জানান। তাঁদের বক্তব্য, দেশের রাজনৈতিক পরিবেশে জনগণের আকাঙ্ক্ষা ও গণতান্ত্রিক মূল্যবোধকে গুরুত্ব দিয়ে সব রাজনৈতিক দলকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

এর আগে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চাঁদপুর শহরে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। বিএনপি, স্বেচ্ছাসেবক দল এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা এতে অংশ নেন। শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে শোভাযাত্রাটি জেলা বিএনপি কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানেই প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশ অনুষ্ঠিত হয়।

এদিকে নাসীরুদ্দীন পাটওয়ারীকে চাঁদপুরে অবাঞ্ছিত ঘোষণার ঘটনা এবারই প্রথম নয়। এর আগে ২০২৫ সালের সেপ্টেম্বরেও জেলার শাহরাস্তি উপজেলায় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা তাঁকে অবাঞ্ছিত ঘোষণা করেছিলেন।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন