- ১১ মে, ২০২৬
PNN নিউজ ডেস্ক। ঢাকা
দেশে হামের উপসর্গ নিয়ে পরিস্থিতি আরও উদ্বেগজনক হয়ে উঠেছে। গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামে আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। সোমবার (১১ মে) অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
তবে একই সময়ে নিশ্চিতভাবে হামে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি বলে জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যে বলা হয়, গত ১৫ মার্চ থেকে ১১ মে পর্যন্ত দেশে সন্দেহজনক হামে মোট ৩৫০ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে সন্দেহজনকভাবে আক্রান্তের সংখ্যা পৌঁছেছে প্রায় ৫০ হাজার ৫০০ জনে।
গত ২৪ ঘণ্টায় এক হাজার ৩৪১ জন নতুন করে সন্দেহজনক হাম রোগে আক্রান্ত হয়েছে। একই সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছে ১১৮ জন। ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত নিশ্চিত আক্রান্তের মোট সংখ্যা দাঁড়িয়েছে ৬ হাজার ৯৩৭ জনে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ১৫ মার্চ থেকে ১১ মে পর্যন্ত সন্দেহজনক হাম রোগে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৫ হাজার ৯৮০ জন। একই সময়ে চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৩১ হাজার ৯৯২ জন।
স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, শিশুদের টিকাদান নিশ্চিত করা এবং দ্রুত শনাক্তকরণ ব্যবস্থা জোরদার না করলে সংক্রমণ আরও বাড়তে পারে। এ অবস্থায় অভিভাবকদের সতর্ক থাকার পাশাপাশি টিকা কার্যক্রমে অংশগ্রহণ বাড়ানোর আহ্বান জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।