Sunday, July 12, 2026

হামে দেশে আরও পাঁচ শিশুর মৃত্যু, একদিনে আক্রান্ত প্রায় এক হাজার


ছবিঃ হাম ও হামের উপসর্গে আক্রান্ত শিশুরা বাংলাদেশ শিশু হাসপাতালে চিকিৎসাধীন (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক। ঢাকা 

দেশে হাম ও হামের উপসর্গে শিশু মৃত্যুর সংখ্যা উদ্বেগজনকভাবে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় (শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত) আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছে ৯৬৯ শিশু।

রোববার স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত হামসংক্রান্ত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, মারা যাওয়া পাঁচ শিশুর মধ্যে একজনের শরীরে হাম শনাক্ত হয়েছিল। বাকি চার শিশুর মধ্যে হামের উপসর্গ ছিল।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, হাম শনাক্ত হয়ে মারা যাওয়া শিশুটির মৃত্যু হয়েছে ঢাকায়। আর হামের উপসর্গ নিয়ে মারা যাওয়া চার শিশুর মধ্যে ঢাকায় দুইজন এবং সিলেট ও বরিশালে একজন করে রয়েছে।

এ নিয়ে চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও হামের উপসর্গে মোট ৭৫৮ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে হাম শনাক্ত হওয়ার পর মারা গেছে ৯৪ শিশু। আর হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ৬৬৪ শিশুর।

প্রতিবেদনের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে ১ লাখ ১১ হাজার ৪৮০ শিশুর মধ্যে হামের উপসর্গ দেখা দিয়েছে। একই সময়ে ১৩ হাজার ৫০০ শিশুর শরীরে হাম শনাক্ত হয়েছে। সব মিলিয়ে হাম ও হামের উপসর্গে আক্রান্ত শিশুর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ২৪ হাজার ৯৮০ জনে।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, এ পর্যন্ত হাসপাতাল থেকে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৯০ হাজার ৬০৫ শিশু। তবে এখনো অনেক শিশু হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

গত ২৪ ঘণ্টায় নতুন করে হামে আক্রান্ত ৮৪৯ শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। একই সময়ে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে ৮৪৩ শিশু।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, হাম একটি অত্যন্ত সংক্রামক রোগ। শিশুদের সুরক্ষায় টিকাদান কার্যক্রম জোরদার করা, আক্রান্ত শিশুদের দ্রুত চিকিৎসার আওতায় আনা এবং রোগের লক্ষণ দেখা দিলে দ্রুত হাসপাতালে নেওয়া জরুরি। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে স্বাস্থ্য বিভাগের পাশাপাশি অভিভাবকদেরও বাড়তি সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।


Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন